মুদি দোকানে করেন কাজ, ২১০ টাকার লটারিতে খুলল কপাল, কোটিপতি দিনহাটার প্রভাত

Published:

Lottery Winner Dinhata

অনন্যা সরকার, কোচবিহার: কার ভাগ্যে কখন শিকে ছিঁড়বে, তা কেউ বলতে পারে না। কোচবিহার জেলার দিনহাটা মহকুমার গোসানিমারির বাসিন্দা প্রভাত বসাকের (Lottery Winner) ক্ষেত্রেও এমনটাই ঘটেছে। মাত্র ২১০ টাকার লটারি টিকিট কিনে তিনি রাতারাতি কোটিপতি হয়ে গেছেন। স্থানীয় একটি মুদি দোকানে কাজ করে এতদিন পরিবারের ভরণপোষণ করতেন প্রভাত। ভাগ্যের ফেরে তিনিই আজ লটারিতে প্রথম পুরস্কার হিসেবে ১ কোটি টাকা জিতেছেন। হঠাৎই সামান্য আয় করা এক দোকানের কর্মচারীর ভাগ্যে এমন অভাবনীয় পরিবর্তন গোসানিমারি ও দিনহাটা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

এক কোটি জিতে বাড়ি বানানোর স্বপ্ন দেখছেন প্রভাত বসাক

জানা গেছে, ভাগ্য পরিবর্তনের আশায় প্রভাত বসাক প্রায়ই লটারির টিকিট কাটতেন। সেদিনও সকালের দিকে ২১০ টাকা দিয়ে লটারির টিকিট কিনেছিলেন। তারপর দুপুর ১:০০ টায় যখন ফলাফল ঘোষণা হয়, তখন রেজাল্ট দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি প্রভাত। দেখা যায় তাঁর টিকিটের নম্বরের সাথে প্রথম পুরস্কার বিজয়ী নম্বরটি মিলে গেছে। শুরুতে তিনি বা তার পরিবারের সদস্যরা কেউই বিশ্বাস করতে পারছিলেন না যে এত বড় অঙ্কের অর্থ জিতেছেন প্রভাত।

তবে আনন্দের পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তাই প্রভাত বসাক ও তার পরিবারের সদস্যরা বিজয়ী টিকিটটি নিয়ে দ্রুত দিনহাটা থানায় যোগাযোগ করেন। থানায় এসে তিনি সংবাদমাধ্যমের সামনে নিজের আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতের পরিকল্পনার কথা জানান। দীর্ঘদিন আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাওয়ার পর, হঠাৎ জেতা এই অর্থ প্রভাত বসাকের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। 

আরও পড়ুন: ৫০০ টাকার টিকিটে ১২ কোটি! লটারি জিতে রাতারাতি কোটিপতি ট্রাক চালক

প্রভাত বসাক জানান, এই টাকা দিয়ে একটি বাড়ি বানানোর ইচ্ছা আছে তাঁর। মায়ের সাথে একা থাকেন প্রভাত। তাই মায়ের জন্যও পরিকল্পনা রয়েছে তাঁর। এদিকে, লটারি জেতার খবর পেয়েই অভিনন্দন জানাতে বাড়িতে প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের ভিড় জমতে শুরু করেছে। একজন সাধারণ দোকানকর্মী রাতারাতি কোটিপতি হয়ে গেছেন – এই ঘটনা এখন পুরো এলাকা জুড়ে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। প্রভাত বসাক এখন সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করে পুরস্কারের টাকাটি তাঁর ব্যাংক অ্যাকাউন্টে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

google button