“শুধু বসে বসে বেতন নিচ্ছেন?” রোজ ভ্যালির টাকা ফেরতে ব্যর্থ কমিটিকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

Published:

Rose Valley

অনন্যা সরকার, কলকাতা: রোজ ভ্যালি (Rose Valley)-তে টাকা জমা রাখা ব্যক্তিদের অর্থ ফেরত দেওয়ার দায়িত্বে থাকা কমিটির বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অযোগ্যতার অভিযোগ তুলে কঠোর পদক্ষেপ নেওয়ার পর, প্রাক্তন বিচারপতি এস পি তালুকদারের নেতৃত্বে আরও একটি কমিটি গঠন করা হয়। এবার সেই কমিটিরও কার্যপদ্ধতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এই কমিটি বিভিন্ন ‘চিট ফান্ড’ কোম্পানি থেকে আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি তদারকি করার দায়িত্বে রয়েছে। বৃহস্পতিবার শুনানির চলাকালীন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কমিটিকে ভর্ৎসনা করে বলে যে, গত ১২ বছরে এই কমিটি কার্যত কিছুই করতে পারেনি।

টাকা ফেরতের প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ আদালতের

আদালত স্পষ্ট ভাষায় জানায় যে, কোনো নির্দিষ্ট চিট ফান্ড কোম্পানির ক্ষেত্রে আমানতকারীদের মোট কত টাকা ফেরত দেওয়া হয়েছে, তার সপক্ষে কতগুলি আবেদন জমা পড়েছে, অথবা কত পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত বা বিক্রি করা হয়েছে – এই ধরনের প্রাথমিক তথ্যগুলিও কমিটি দিতে ব্যর্থ হয়েছে। এছাড়া, বর্তমানে ১০৫টি চিট ফান্ড কোম্পানির টাকা ফেরতের দায়িত্ব এই কমিটির ওপর ন্যস্ত থাকলেও, তাদের ওয়েবসাইটে এখনও মাত্র ৮৯টি কোম্পানির নামের তালিকাই রয়েছে। ওয়েবসাইটের বেহাল দশা নিয়েও ডিভিশন বেঞ্চ অসন্তোষ প্রকাশ করে। বিচারক কড়া ভাষায় প্রশ্ন করেন, তারা এতদিন আসলে কী করছেন? দেখে মনে হচ্ছে, তাঁদের কাজ করার কোনো ইচ্ছাই নেই।

আরও পড়ুন: ৭ বছর পর ন্যায়বিচার! রোহিঙ্গাদের গণহত্যা করে বিশ্বে দোষী সাব্যস্ত মায়ানমার

কমিটির পক্ষ থেকে জানানো হয় যে, সরকারের পক্ষ থেকে দেওয়া ৩৪ জন কর্মীর মধ্যে ১৬ জন হলেন ডেটা এন্ট্রি অপারেটর। এর উত্তরে আদালত প্রশ্ন তোলে, এই কর্মীরা কি কোনো কাজ না করেই কেবল বেতন নিচ্ছেন? প্রতিদিন তাঁদের ঠিক কতগুলো ডেটা এন্ট্রি করার কথা, তাও আদালত জানতে চায়। বিচারক পরামর্শ দিয়েছেন যে, যদি কোনো কাজ না-ই থাকে, তবে এই কর্মীদের অন্য কোথাও বদলি করে দেওয়া হোক। কারণ তাঁদের বেতন আসে জনগণের এবং বিশেষ করে ওই আমানতকারীদের করের টাকা থেকেই।

সবশেষে, হাইকোর্ট আবারও নির্দেশ দিয়েছে যে, আগামী ৮ ডিসেম্বরের মধ্যে কমিটিকে একটি বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দিতে হবে। এতে প্রাথমিকভাবে তাদের ওপর ন্যস্ত ৫৩টি চিট ফান্ড কোম্পানি সংক্রান্ত যাবতীয় তথ্য থাকতে হবে। এই মুহূর্তে একটি নির্দিষ্ট কোম্পানির বিষয়েও সম্পূর্ণ তথ্য নেই কমিটির কাছে, যা দীর্ঘ সময় ধরে এই কমিটির কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

google button