সপ্তমে ‘অরুণ’, অষ্টমে ‘কিরণ’, পড়ুয়াদের জন্য নতুন সংস্কৃত বই আনল শিক্ষা দফতর

Published:

New Sanskrit Books

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে বিজেপি সরকার আসতেই শিক্ষা ব্যবস্থায় আনা হলো নয়া পরিবর্তন। সপ্তম ও অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য নতুন সংস্কৃত পাঠ্যবই (New Sanskrit Books) আনল রাজ্যের শিক্ষা দফতর। জানা গিয়েছে, সপ্তম শ্রেণির জন্য বইয়ের নাম রাখা হয়েছে ‘অরুণ’ এবং অষ্টম শ্রেণির জন্য ‘কিরণ’। ইতিমধ্যেই সেই পাঠ্যবইয়ের (Sanskrit Textbooks Class 7 8) ঝলক প্রকাশ্যে তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী দীপক বর্মণ। আর এই খবর প্রকাশ্যে আসতেই ছাত্র-ছাত্রী এবং শিক্ষিকাদের মধ্যে নতুন উৎসাহ দেখা গিয়েছে।

পড়ুয়াদের জন্য নতুন সংস্কৃত বই

সূত্রের খবর, গতকাল, বৃহস্পতিবার সপ্তম ও অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য নতুন সংস্কৃত পাঠ্যবই যথাক্রমে ‘অরুণ’ এবং ‘কিরণ’ সাংবাদিক সম্মেলনে প্রকাশ্যে আনেন শিক্ষামন্ত্রী দীপক বর্মণ। তিনি জানান, ছাত্র ছাত্রীদের জন্য সংস্কৃত ভাষার উপর বই তৈরির কথা আগেই পরিকল্পনা করেছিল শিক্ষা দফতর। এরপর সেই অনুযায়ী বই দু’টি তৈরি করা হয়েছে। বই দু’টির বিশেষত্ব হল, দৈনন্দিন জীবনে আমরা যে ধরনের কথাবার্তা বলে থাকি, সেই বিষয়গুলিই সংস্কৃত ভাষার মাধ্যমে তুলে ধরা। আসলে বর্তমানে সমাজে সংস্কৃত ভাষা দিন দিন যেন হারিয়ে যাচ্ছে, তাই সেই ভাষাকে পুনরায় সকলের মাঝে ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হতে চলেছে।

কী বলছেন শিক্ষা মন্ত্রী?

শিক্ষামন্ত্রী দীপক বর্মণ জানান, “ সংস্কৃত ভাষা হল একধরনের ধ্রুপদী ভাষা। আজকের দিনেও যে এই ভাষা ব্যবহার করা যেতে পারে, সেটাই ছাত্র ছাত্রীদের জন্য এই বই দুটিতে দেখানো হয়েছে।” অর্থাৎ, শুধুমাত্র প্রাচীন ভাষা হিসেবে নয়, বরং বর্তমান সময়েও সংস্কৃত কীভাবে ব্যবহার করা যেতে পারে, সেই ভাবনা থেকেই বই দু’টি তৈরি করা হয়েছে। শিক্ষামন্ত্রীর ধারণা, এই বইগুলি পড়ুয়াদের ভাষা শেখানোর কাজে সাহায্য করবে। তবে দীপক বর্মনের সাফ কথা এই বই দু’টি কোনওভাবেই ধর্মশিক্ষার জন্য তৈরি করা হয়নি। সংস্কৃত ভাষার সঙ্গে পড়ুয়াদের পরিচয় করানো এবং ভাষা শিক্ষা দেওয়াই শিক্ষা দফতরের মূল উদ্দেশ্য।

আরও পড়ুন: মিথ্যা মামলায় সুমিত রায়কে ফাঁসানোর অভিযোগ! পুলিশের বিরুদ্ধে এবার হাইকোর্টে অভিষেক

জানা গিয়েছে, সপ্তম শ্রেণির ‘অরুণ’ বইয়ে ৪৫০টিরও বেশি ছবি ব্যবহার করা হয়েছে। এবং অষ্টম শ্রেণির ‘কিরণ’ বইয়েও একইভাবে প্রচুর ছবি রাখা হয়েছে। এছাড়াও বইয়ের মধ্যেই প্রশ্নোত্তর লেখার জায়গা রাখা হয়েছে। ফলে পড়ুয়ারা বই পড়ার পাশাপাশি সেই বিষয়ে আরও বিস্তারিত অনুশীলন করতে পারবে। এছাড়াও শিক্ষকদের জন্যও কিছু বিশেষ পরামর্শ রাখা হয়েছে। অর্থাৎ আগে যে ধরনের সংস্কৃত বই পড়ানো হত, তার তুলনায় নতুন বই দু’টিতে পড়ানোর পদ্ধতি ও বিষয়বস্তুর মধ্যে আলাদা ধরণ আনা হয়েছে। তবে বইতে কতগুলি অধ্যায় রয়েছে এবং পাঠের বিন্যাস কেমন সেই নিয়ে এখনো কিছু জানানো হয়নি।

google button