ফের এনকাউন্টার, পুলিশের সঙ্গে রুদ্ধশ্বাস গুলির লড়াইয়ে নিকেশ দাউদ-ঘনিষ্ঠ নাসিম দুরানি

Published:

সহেলি মিত্র, কলকাতা: ফের এনকাউন্টার! বৃহস্পতিবার রাতে আলিগড়-গাজিয়াবাদ হাইওয়ে-৩৪-এর সুখলালপুর মোড়ের কাছে উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), দিল্লি পুলিশ এবং বুলন্দশহর পুলিশের একটি যৌথ অভিযানে পলাতক অপরাধী নাসিম দুরানি নিহত হয়েছে। নাসিম দুরানি (Nasim Durrani) কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ ছিল বলে খবর।

এবার এনকাউন্টারে খতম দাউদ ঘনিষ্ঠ!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দাউদ ইব্রাহিমের ডি-কোম্পানি এবং ছোটা শাকিলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিল ৩৭ বছর বয়সি নাসিম। তার বিরুদ্ধে খুন, ডাকাতি-সহ ২৫টিরও বেশি ফৌজদারি মামলা ছিল। বৃহস্পতিবার গভীর রাতে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এবং নয়ডা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) যৌথ অভিযান চালিয়ে তাকে খতম করে বলে দাবি পুলিশের।

তদন্তকারীদের দাবি, উত্তর-পূর্ব দিল্লির খাজুরি খাস এলাকায় গত ১৬ নভেম্বর সামির নামে এক যুবককে গুলি করে খুনের ঘটনায় মূল অভিযুক্ত ছিল নাসিম। ওই ঘটনার পর থেকেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায়, উত্তরপ্রদেশের বুলন্দশহরে আত্মগোপন করে রয়েছে সে। সেই সূত্র ধরেই বৃহস্পতিবার রাতে যৌথ অভিযান চালানো হয়।

আরও পড়ুন: পুলিশের সঙ্গে রুদ্ধশ্বাস গুলির লড়াই, মৃত্যু দাউদ-ঘনিষ্ঠ নাসিম দুরানির

বড় দাবি পুলিশের

পুলিশের দাবি, বুলন্দশহরের সিকান্দ্রা বাইপাসের কাছে নাসিমের গতিবিধি নজরে আসে। সিসিটিভি ফুটেজে তাকে স্কুটারে যেতে দেখা যায়। পুলিশ তাকে আটক করার চেষ্টা করলে সে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। কিছুটা যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটার থেকে পড়ে যায় নাসিম। এরপরই পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে সে। পাল্টা গুলি চালায় পুলিশও। পুলিশের গুলিতে গুরুতর জখম হয় নাসিম। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দুটি .৩২ বোরের পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই অভিযানে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের DCP সঞ্জীব যাদব এবং নয়ডা STF-এর ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ আর কে মিশ্রের নেতৃত্বে দল অংশ নেয়। অভিযানের তদারকিতে ছিলেন স্পেশাল CP এইচ জি এস ধালিওয়াল। অপরাধ জগতে ‘রিজওয়ান’ নামেও পরিচিত ছিল নাসিম। উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা এই গ্যাংস্টারের বিরুদ্ধে একাধিক গুরুতর অপরাধের অভিযোগ ছিল। তার মাথার দাম ধার্য করা হয়েছিল ৫০ হাজার টাকা। উত্তর-পূর্ব দিল্লিতে মাদক ব্যবসা, জুয়া এবং তোলাবাজির নিয়ন্ত্রণ নিয়ে হারুন সাইফি ও রাজা মেওয়াতি ওরফে ‘আক্কি ডন’-এর গ্যাংয়ের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ ছিল বলে তদন্তকারীদের দাবি। চলতি বছরের ২৬ মে রাজা মেওয়াতিকে গুলি করে হত্যার ঘটনাতেও নাসিমকে প্রধান শুটার হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

এছাড়াও, ২০১৬ সালে তিহাড় জেলে বন্দি গ্যাংস্টার ছোট রাজনকে হত্যার জন্য ছোটা শাকিল নাসিমকে দায়িত্ব দিয়েছিল বলে তদন্তকারী সূত্রের দাবি। পাকিস্তানি বংশোদ্ভূত সাংবাদিক ও লেখক তারেক ফতেহকে হত্যার ষড়যন্ত্র এবং প্রাণনাশের হুমকির মামলাতেও তার নাম জড়িয়েছিল। ওই মামলায় আগে গ্রেপ্তারও হয়েছিল সে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

সব মিলিয়ে, একাধিক খুন, ডাকাতি ও অপরাধমূলক কর্মকাণ্ডে অভিযুক্ত নাসিম দুরানির মৃত্যুকে উত্তর-পূর্ব দিল্লির অপরাধচক্রের বিরুদ্ধে পুলিশের বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তবে তার বিরুদ্ধে থাকা বিভিন্ন অভিযোগ ও অপরাধের সঙ্গে যোগসূত্রের বিষয়গুলি তদন্তকারী সংস্থার বক্তব্য হিসেবেই বিবেচনা করা প্রয়োজন।

google button