সহেলি মিত্র, কলকাতা: এবার বিদ্যুতের বাড়তি বিল নিয়ের চিন্তার দিন শেষ। পশ্চিমবঙ্গের আর্থিকভাবে দুর্বল পরিবারের জন্য বড়সড় উদ্যোগ নিতে চলেছে সরকার। রাজ্যের ১ লক্ষ দরিদ্র পরিবারের বাড়ির ছাদে বিনামূল্যে বসানো হবে রুফটপ সোলার প্যানেল (Solar Panel)। প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনার (PM Surya Ghar Scheme) আওতায় প্রায় ৫৫০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে উপকৃত হবেন রাজ্যের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা বহু পরিবার। সবচেয়ে বড় বিষয় হল, সোলার প্যানেল বসানোর জন্য উপভোক্তাদের নিজেদের পকেট থেকে কোনও টাকা খরচ করতে হবে না। সম্পূর্ণ ইনস্টলেশনের খরচ বহন করবে সরকার।
বাংলার ১ লক্ষ দরিদ্র পরিবারের বাড়িতে বিনামূল্যে বসবে সোলার প্যানেল!
এই প্রকল্পের আওতায় মোট ১ লক্ষ পরিবারের বাড়িতে ১ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত রুফটপ সোলার সিস্টেম বসানো হবে। হাসির আলো এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় নথিভুক্ত আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে এই প্রকল্পের জন্য চিহ্নিত করা হবে। কেন্দ্রীয় সরকার প্রকল্পের অধিকাংশ অর্থের জোগান দেবে এবং বাকি অর্থ দেবে রাজ্য সরকার। সব মিলিয়ে প্রকল্পের মোট বরাদ্দ প্রায় ৫৫০ কোটি টাকা।
তবে এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে। যেসব পরিবারের মাসিক গড় বিদ্যুৎ খরচ ২৫ ইউনিট পর্যন্ত, মূলত সেই পরিবারগুলিকেই এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ কম বিদ্যুৎ ব্যবহারকারী আর্থিকভাবে দুর্বল পরিবারগুলি এই উদ্যোগের মাধ্যমে বিনামূল্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থার সুবিধা পেতে পারে।
আরও পড়ুন: ২৯ জানুয়ারি পর্যন্ত সুরক্ষা, হাইকোর্টে বিরাট স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
মাথায় রাখতে হবে এই বিষয়গুলি
শুধু সোলার প্যানেল বসিয়েই দায়িত্ব শেষ হবে না। প্রকল্পের আওতায় নির্বাচিত সংস্থাগুলি আগামী ১০ বছর ধরে সোলার সিস্টেমের রক্ষণাবেক্ষণ করবে। প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহ, অপারেশন এবং মেরামতির দায়িত্বও থাকবে সংশ্লিষ্ট সংস্থাগুলির উপর। ফলে প্যানেল বসানোর পর কোনও সমস্যা দেখা দিলে উপভোক্তাদের নিজেদের খরচে রক্ষণাবেক্ষণ করতে হবে না।
প্রকল্পটি এক বছরের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বাস্তবায়িত হলে রাজ্যের ১ লক্ষ আর্থিকভাবে দুর্বল পরিবার সরাসরি উপকৃত হবে। পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে প্রচলিত বিদ্যুতের উপর নির্ভরশীলতাও কিছুটা কমতে পারে। তবে আবেদন পদ্ধতি, উপভোক্তা নির্বাচনের চূড়ান্ত নিয়ম এবং প্রকল্প শুরুর নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে সরকারি নির্দেশিকা প্রকাশিত হলে বিস্তারিত জানা যাবে।










