বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুরীর জগন্নাথ মন্দিরের (Puri Temple) সেবায়েতের দায়িত্বে রয়েছেন তিনি। ওড়িশার বাসিন্দা সেই বিশ্বজিৎ প্রতিহারী এবার আন্তর্জাতিক মঞ্চে বডিবিল্ডিংয়ে (Bodybuilding) সোনা জিতে দেশের মুখজ্জ্বল করলেন। 41 বছর বয়সী বিশ্বজিতের এই সাফল্যে গর্বিত গোটা ওড়িশা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, শ্রী জগন্নাথ দেবের সেবায় নিজেকে নিয়োজিত করার সাথে সাথে নিজের স্বপ্নকেও বাঁচিয়ে রেখেছেন বিশ্বজিৎ। তারই ফলস্বরূপ পরপর দুই সোনার মেডেল উঠল ভারতীয় খেলোয়াড়ের ঝুলিতে।
বিশ্বমঞ্চে দেশের মান রাখলেন বিশ্বজিৎ
বিশ্বজিৎ প্রথম সোনা জেতেন স্পেনের সান্তা সুসানায়া আয়োজিত IFBB ওয়ার্ল্ড মেন্স অ্যান্ড ওয়েমেন্স চ্যাম্পিয়নশিপে। গত 29 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় নিজের বিভাগে সাফল্য অর্জন করার সাথে সাথে সোনার মেডেল পেয়েছিলেন বিশ্বজিৎ। সেই সাফল্যের কিছুদিনের মধ্যেই থাইল্যান্ডের পাটায়ায় 13 নভেম্বর থেকে 16 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়ে যাওয়া এশিয়ান চ্যাম্পিয়নশিপসে নিজের বিভাগে আবার সোনা জিতলেন বিশ্বজিৎ।
পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়েতের এমন সাফল্যে উচ্ছসিত গোটা ওড়িশা রাজ্য। তবে বিশ্বজিতের ক্রীড়াজীবন শুধুমাত্র বডিবিল্ডিংয়ে সীমাবদ্ধ নয়। 26 বছরের ক্রীড়া জীবনে 18 বছর তিনি ভারোত্তোলনের সাথে যুক্ত ছিলেন। মন্দিরে নিজের দায়িত্ব সামলানোর সাথে সাথে ডাক বিভাগের চাকরি এবং কঠোর শরীরচর্চা, এই তিন বিষয় একসঙ্গে সামলে এগিয়ে চলেছেন ভারতীয় ক্রীড়াবিদ।
আরও পড়ুন: গাভাস্কার-সেহবাগরা পারেননি, ভারতের প্রথম ওপেনার হিসেবে টেস্টে ইতিহাস লিখলেন রাহুলই
দেশের হয়ে বিশ্বমঞ্চে এমন সাফল্যের নেপথ্যে একমাত্র মহাপ্রভু জগন্নাথের আশীর্বাদকেই এগিয়ে রাখছেন বিশ্বজিৎ। তাঁর কথায়, মহাপ্রভু জগন্নাথের আশীর্বাদ, মায়ের প্রেরণা এবং পরিবারের সহযোগিতাই তাঁকে এই সাফল্য পাইয়ে দিয়েছে। যদিও এই সাফল্যের জন্য কম পরিশ্রম করতে হয়নি বিশ্বজিতকে। ভারতীয় খেলোয়াড় জানিয়েছেন, গত এক বছরে প্রশিক্ষণ থেকে শুরু করে খাওয়া-দাওয়া, পুষ্টি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য যাতায়াত মিলিয়ে প্রায় 20 লাখ টাকা খরচ হয়ে গেছে তাঁর।
জগন্নাথের সেবার সাথে নিজের শরীরচর্চার সম্পর্ক বোঝাতে বিশ্বজিৎ বলেন, “এই শরীর যদি প্রভুর সেবায় উৎসর্গ না করাই হয়, তাহলে তা অর্থহীন।” সব মিলিয়ে বলাই যায়, জগন্নাথ মন্দিরে সেবায়েতের দায়িত্ব পালন করার সাথে সাথে আন্তর্জাতিক মঞ্চে একের পর এক সাফল্য নিয়ে ভারতের বুকে নতুন নজির তৈরি করলেন বিশ্বজিৎ।










