বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার নিজের দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেই আইনি লড়াইয়ে নামছেন আর্জেন্টিনার (Argentina) প্রাক্তন অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi)। হ্যাঁ, অনুমতি ছাড়াই বিভিন্ন বাণিজ্যিক প্রচারণায় তাঁর ছবি ব্যবহার করার অভিযোগে এবং AFA এর সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডের বিরোধিতা করে আইনি প্রক্রিয়ায় পা বাড়াতে চলেছেন লিও! ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত নিজের দেশের বিরুদ্ধেই আইনি লড়াইয়ে নামতে হলো মেসিকে?
আইনি লড়াইয়ে পা বাড়াচ্ছেন মেসি
আর্জেন্টিনার সংবাদমাধ্যম A24 এর তথ্যের উল্লেখ করে সাংবাদিক নিকোলাস জানিয়েছেন, আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাদিও তাপিয়া এবং কোষাধ্যক্ষ পাবলো তোভিনিগোর সঙ্গে ব্যক্তিগত এবং বাণিজ্যিক সম্পর্ক ইতিমধ্যেই শেষ করেছেন মেসি। তারপরেই মেসির আইনজীবী সংস্থাটিকে সরকারিভাবে নোটিস পাঠিয়েছে। মেসির অভিযোগ, অনুমতি না নিয়েই বিভিন্ন বাণিজ্যিক প্রচারে তাঁর ছবি ব্যবহার করা হয়েছে।
লিওনেল মেসির আপত্তির অন্যতম কারণ, আমেরিকার বিয়ার প্রস্তুতকারক সংস্থা মাইকেলবের সাথে মেসির একচেটিয়া চুক্তি রয়েছে, কিন্তু আর্জেন্টিনার জাতীয় দলের স্পনসর হিসেবে যুক্ত স্থানীয় একটি প্রতিষ্ঠান এদিকে নিজেদের বিজ্ঞাপনে মেসির ছবি ব্যবহার করেছে। ওই সাংবাদিক জানিয়েছেন, AFA সভাপতির কোনও রকম অনুমতি না নিয়েই এই কাজ করেছে ওই প্রতিষ্ঠান।
এদিকে AFA এর শীর্ষ কর্মকর্তাদের নানান কাজকর্ম নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে লিওনেল মেসির। সভাপতি তাপিয়া ও কোষাধ্যক্ষ বহুদিন ধরেই কর ফাঁকি দেওয়া এবং অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত। বর্তমানে তাঁদের বিরুদ্ধে চলছে তদন্ত। গত মার্চ মাসে তাপিয়ার বিরুদ্ধে প্রথম এই অভিযোগ আনা হয়েছিল। কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে, বিলাসবহুল পর্যটন এলাকার ইয়ট ভাড়া দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে 12 লাখ ডলারেরও বেশি অর্থ লেনদেন হয়েছে।
আরও পড়ুন: ‘IPL-এর সাথে প্রতিযোগিতা করাটা ভুল হয়েছে” স্বীকার করে নিলেন PSL দলের মালিক
এছাড়াও একাধিক বেনিয়মের পাশাপাশি নিজের ছবি ব্যবহারের ঘটনায় এমনিতেই ক্ষুব্ধ মেসি! আর সেসব ঘটনায় এবার আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মেসি। আইনজীবীদের আনুষ্ঠানিকভাবে নোটিস পাঠানোর কথাও জানিয়ে দিয়েছেন তিনি। এদিকে ফুটবল সংস্থার সাথে ব্যাপক বিরোধের মাঝেই ক্লাব ফুটবলে মনোযোগ দিচ্ছেন লিও।


