সহেলি মিত্র, কলকাতাঃ রাজ্যের বিভিন্ন চিটফান্ড (Chit Fund) সংস্থায় টাকা রেখে প্রতারিত আমানতকারীদের টাকা ফেরানোর উদ্যোগে বড় পদক্ষেপ করল ডিরেক্টরেট অব ইকোনমিক অফেন্সেসেস (ডিইও)। সারদা, রোজভ্যালি-সহ একাধিক চিটফান্ড কাণ্ডের পর প্রতারিতদের টাকা ফেরানোর লক্ষ্যে আপাতত ১০০টি সম্পত্তি চিহ্নিত করেছেন তদন্তকারীরা। এই সম্পত্তিগুলি নিলামে তোলার জন্য নবান্নের অনুমতি চাওয়া হয়েছে। সরকারের (Government of West Bengal)সবুজসংকেত মিললে দ্রুত নিলামের প্রক্রিয়া শুরু হতে পারে।
চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরাতে বড় উদ্যোগ নবান্নের
সারদা ও রোজভ্যালি কাণ্ডের পর রাজ্যে একাধিক বেআইনি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে অভিযোগ সামনে আসে। অভিযোগ, সেবি, রিজার্ভ ব্যাঙ্কের মতো নিয়ামক সংস্থার প্রয়োজনীয় অনুমতি ছাড়াই বিভিন্ন সংস্থা বাজার থেকে বিপুল পরিমাণ টাকা তুলেছিল। পিনকন, ভিবজিওর ও আইকোরের মতো সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করে ডিইও। তবে তদন্তকারীদের দাবি, প্রাথমিক পর্যায়ে কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা এবং সংস্থার কর্তাদের জিজ্ঞাসাবাদের পর বহু ক্ষেত্রে তদন্তের অগ্রগতি থমকে যায়। এর মধ্যে কয়েকটি সংস্থার সম্পত্তি হাতবদল হয়ে অন্যের নামে রেজিস্ট্রি হওয়ার অভিযোগও ওঠে।
রাজ্যে পালাবদলের পর চিটফান্ড সংস্থাগুলির সম্পত্তি চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয় বলে সূত্রের খবর। সেই অনুযায়ী তদন্ত শুরু করে ডিইও। নথিপত্র খতিয়ে দেখতে গিয়ে তদন্তকারীরা বেশ কিছু সম্পত্তির ক্ষেত্রে আইনি জটিলতার সন্ধান পান। সমস্ত নথি বিশ্লেষণের পর আইকোর, পিনকন-সহ কয়েকটি সংস্থার মোট ১০০টি সম্পত্তি চিহ্নিত করা হয়েছে। আদালতের নির্দেশে সেগুলি অ্যাটাচও করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে সম্পত্তিগুলি নিলামে তুলতে শুধু আদালতের অনুমতি যথেষ্ট নয়, সরকারের ছাড়পত্রও প্রয়োজন। জমির মালিকানা ও হস্তান্তরের সঙ্গে ভূমি ও ভূমিরাজস্ব-সহ একাধিক সরকারি দপ্তর যুক্ত থাকায় সংশ্লিষ্ট দপ্তরগুলির অনাপত্তিপত্র বা এনওসি নিতে হবে। এরপর আদালতের অনুমতি নিয়ে সম্পত্তিগুলি নিলামে তোলার প্রক্রিয়া এগোবে।
আরও পড়ুন: সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের বেতন বাড়াল সরকার, কত হল মহার্ঘ?
কীভাবে টাকা পাবেন?
নিলাম থেকে পাওয়া অর্থ দিয়ে একটি তহবিল গড়ে প্রতারিত আমানতকারীদের টাকা ফেরানোর উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে নবান্নের (Nabanna)। তবে কবে থেকে নিলাম শুরু হবে এবং কতজন আমানতকারী কত টাকা ফেরত পাবেন, তা এখনও স্পষ্ট নয়।
এদিকে, বিভিন্ন চিটফান্ড সংস্থার প্রায় ৬০ জন কর্ণধার এখনও পলাতক বলে সূত্রের দাবি। তাঁদের মধ্যে তিনজন দুবাইয়ে রয়েছেন বলেও জানা গিয়েছে। তাঁদের দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলে সূত্রের খবর।


