সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকেই একের পর এক উপহার পাচ্ছেন সরকারি কর্মচারীরা। বাজেটে একধাক্কায় ২০ শতাংশ ডিএ বৃদ্ধি থেকে শুরু করে অন্যান্য কর্মীদের ধাপে ধাপে বাড়ানো হচ্ছে বেতন। এমনকি শুভেন্দুর সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে মোটা অংকের বোনাসও। তবে এবার সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের বেতন বাড়ানোর (Salary Hike) ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। কত হল মহার্ঘ?
সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধির ঘোষণা
চুক্তির ভিত্তিতে আগের সরকারের আমলে এই সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছিল। এমনকি সেই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি রয়েছে বলেও অভিযোগ বিজেপি সরকারের। সেই কারণেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিভিক ভলেন্টিয়ারদের ঝাড়াই-বাছাইয়ের নির্দেশ দিয়েছেন। তবে তার আগেই ভাতা বাড়ানোর ঘোষণা করা হল রাজ্য সরকারের তরফ থেকে। দৈনিক মজুরি বাড়ল সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের। রিপোর্ট অনুযায়ী, এবার তাদের দৈনিক ভাতা বাড়ানো হয়েছে ৬৭ টাকা করে।
এর আগের সরকারের আমলে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের দৈনিক ভাতা ছিল ৭৫৮ টাকা। তবে ৬৭ টাকা বাড়ানোর পর এবার তাদের নতুন দৈনিক ভাতা দাড়িয়েছে ৮২৫ টাকা। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার তাদের মাসিক ভাতা বাড়ানো হয়েছে ২০০০ টাকা। যদিও এর আগেই রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, তাদের ২০০০ টাকা করে ভাতা বাড়ানো হবে। আর এবার সেই দৈনিক ভাতা বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছে রাজ্যের অর্থ দফতর।
আরও পড়ুন: সফটওয়্যারে থাকবে বিশেষত্ব, টাকার বদলে একাদশ পড়ুয়াদের দেওয়া হবে ট্যাব, ঘোষণা শিক্ষামন্ত্রীর
রাজ্য সরকারের এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে খুশি হয়ে এক সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার জানিয়েছেন, “আমাদের দীর্ঘদিনের ভাতা বৃদ্ধির দাবি ছিল। আগের সরকার আমাদের দাবিকে মান্যতা দেয়নি। তবে নতুন সরকার কয়েক মাসের মধ্যেই মাসিক ২০০০ টাকা করে ভাতা বাড়িয়ে দিয়েছে। মূল্যবৃদ্ধির বাজারে আমাদের টিকে থাকা দুষ্কর হয়ে দাঁড়িয়েছিল। তবে এই বেতন বৃদ্ধির সিদ্ধান্তে আমরা খুবই উপকৃত।”


