অনন্যা সরকার, কলকাতা: ১৯৮২ সালে মুক্তি পাওয়া একটা বাংলা গান, যে গান সেসময় শ্রোতামনে তেমন একটা সাড়া ফেলতে পারেনি। বিগত ৪৪ বছরে গানের কথাগুলো ধীরে ধীরে ম্লান হয়ে গিয়েছিল। সেই গানই হঠাৎ কামব্যাক করল জিটিএ ৬ (GTA VI) এর হাত ধরে! কি অবাক হচ্ছেন? রূপা বিশ্বাসের গাওয়া “আজ শনিবার” এখন শোনা যাচ্ছে ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (GTA VI) গেমের ‘ওয়ার্ল্ডওয়াইড এফএম’ (Worldwide FM) রেডিও স্টেশনে। চার দশক আগে বাণিজ্যিকভাবে খুব একটা সফল হতে না পারা এই বাংলা ডিস্কো গানটি এখন সারা বিশ্বের গেমারদের কাছে পৌঁছে যাচ্ছে।
“আজ শনিবার”-এর কাহিনী
১৯৮১ সালে কানাডার ক্যালগেরিতে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে ভাইয়ের বাড়ির এক আড্ডার আসরে গান শুনিয়েছিলেন রূপা বিশ্বাস। সেই গান মন ছুঁয়ে যায় সরোদ বাদক ওস্তাদ আশিস খানের। রূপার কণ্ঠের অনন্য সম্ভাবনাকে শনাক্ত করেন তিনি। শাস্ত্রীয় সঙ্গীত ও গজল ঘরানায় প্রশিক্ষণ নিয়েও রূপা বেছে নিয়েছিলেন এক অভিনব ঘরানা – বাংলা সঙ্গীতের সঙ্গে ডিস্কোর সংমিশ্রণ।
তার এক্সপেরিমেন্টাল গানের চর্চার ফসল ছিল ডিস্কো জ্যাজ (Disco Jazz) নামের অ্যালবামটি। বাংলা কণ্ঠের জাদু এবং দেশীয় সরোদ ও তবলার সঙ্গে পাশ্চাত্যের গিটার ও সিন্থেসাইজারের এক অভিনব ফিউশন ঘটানো হয়েছিল এই অ্যালবামে। ১৯৮২ সালের অক্টোবর অ্যালবামটি প্রথম মুক্তি পায়। কিন্তু এটি বাণিজ্যিকভাবে সফল হতে পারেনি। হতাশ হয়ে রূপা নিজেই একটি ক্যাসেট কিনে রাখেন এবং ধীরে ধীরে সঙ্গীতজগৎ থেকে দূরে সরে যান।
আরও পড়ুন: নিজের ‘দেশ আর্জেন্টিনার’ বিরুদ্ধেই আইনি লড়াইয়ে নামছেন মেসি
কিন্তু কথায় বলে অদৃষ্টের লিখন খন্ডানো মুশকিল। তাই সময় এই গানটিকে বিস্মৃতির অতলে তলিয়ে যেতে দেয়নি। বহু বছর পর রূপার ছেলে দেবায়ন অ্যালবামটি নতুন করে খুঁজে বের করেন। পুরোনো রেকর্ড সংগ্রাহক ও সঙ্গীতপ্রেমীদের মধ্যে ‘ডিস্কো জ্যাজ’ ধীরে ধীরে এক বিশেষ জনপ্রিয়তা অর্জন করতে শুরু করে। ২০১৯ সালে অ্যালবামটি পুনরায় মুক্তি পায়।
বর্তমানে জাইলস পিটারসনের সঞ্চালনায় জিটিএ ৬-এর ‘ওয়ার্ল্ডওয়াইড এফএম’ চ্যানেলে বাজছে “আজ শনিবার”। ডিস্কোর রিদম, ভারতীয় সুরের মূর্ছনা এবং বাংলা কণ্ঠের এই মেলবন্ধন এখন ভাইস সিটির ভার্চুয়াল পথঘাট পেরিয়ে পৌঁছে যাচ্ছে বিশ্বজুড়ে অগণিত শ্রোতার কানে। বিস্মৃত শিল্পী রূপা বিশ্বাস ও তাঁর সঙ্গীত পেল আন্তর্জাতিক স্বীকৃতি।


