মন্ত্রীর স্বপ্নপূরণে এগিয়ে এল আসানসোল, পুজোর বাসি ফুল থেকেই তৈরি হচ্ছে সুগন্ধি ধূপকাঠি

Published:

Asansol

প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর পর ব্যবহৃত ফুল আর ফেলা হবে না জলে কিংবা আবর্জনার স্তূপে, এবার সেই ফুল দিয়েই তৈরি হবে সুগন্ধি ধূপকাঠি। পরিবেশ দূষণ রুখতে আসানসোলে (Asansol) শুরু হয়েছে অভিনব উদ্যোগ। প্রতিদিন মন্দির থেকে বিপুল পরিমাণ ফুল ফেলতে হয়। তাই সেই সমস্যা দূর করার জন্য পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) নির্দেশ অনুযায়ী পড়ে থাকা ফুল দিয়েই তৈরি করা হতে চলেছে সুগন্ধি ধূপকাঠি।

দেবতার চরণে থাকা ফুল এবার হবে সুগন্ধি ধূপ!

মন্ত্রী অগ্নিমিত্রা পাল আগেই জানিয়েছিলেন যে ব্যবহৃত ফুল আবর্জনার স্তূপে ফেলে দেওয়ায় পরিবেশ দূষণ বাড়ছে। তাই এই সমস্যা মোকাবিলায় ব্যবহৃত ফুল সংগ্রহ করে তা থেকে ধূপকাঠি ও আবির তৈরির উদ্যোগ নেওয়া হবে। এতে একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে অন্যদিকে পরিবেশ দূষণ কমানো সম্ভব হবে। আর সেই নির্দেশ পাওয়া মাত্রই ময়দানে নামল আসানসোল পুরনিগম। সেখানকার বিধায়ক তথা মন্ত্রী অগ্নিমিত্রা পালের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে উদ্যোগী হয়েছেন তাঁরা। পরিবেশ দূষণ রোধের পাশাপাশি বর্জ্যকে সম্পদে পরিণত করার লক্ষ্য নিয়েই পুরনিগমের ৭ নম্বর বোরো অফিসে শুরু হয়েছে এই অভিনব উদ্যোগ।

শুরু ফুল থেকে ধূপ তৈরির কাজ

ফুলের বর্জ্যকে কাজে লাগিয়ে উৎপাদনমুখী সামগ্রী তৈরির এই প্রয়াস যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা বুঝতে পেরে এখন প্রতিদিন ব্যবহৃত ফুল সংগ্রহ করে তা থেকে ধূপকাঠি বানানোর উদ্যোগ নেওয়া শুরু হয়েছে। গত, বুধবার এই উদ্যোগের অগ্রগতি খতিয়ে দেখতে কারখানা পরিদর্শন করতে গিয়েছিলেন আসানসোল পুরনিগমের প্রশাসক তথা কমিশনার দিলীপ মিশ্র। তাঁর সঙ্গে ছিলেন পুরনিগমের আধিকারিকরা। ওইদিন তিনি কারখানার বিভিন্ন কাজকর্ম ঘুরে দেখার পাশাপাশি পুজোয় ব্যবহৃত ফুল কীভাবে সংগ্রহ করা হচ্ছে এবং তার প্রক্রিয়াকরণ সবটাই বিস্তারিতভাবে খোঁজখবর নেন।

আরও পড়ুন: বাঁকুড়ায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা! জলের তোড়ে বসে গেল জয়পণ্ডা নদীর ব্রিজ

কমিশনার দিলীপ মিশ্র ধূপকাঠি বানানোর উদ্যোগকে নিয়ে বলেন যে, মূলত পরিবেশ রক্ষা, পরিচ্ছন্ন শহর গঠন এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি এই তিনটি লক্ষ্যকে সামনে রেখেই এগোচ্ছে এই প্রকল্প। তাই বেশি পরিমাণে ফুলের বর্জ্য কীভাবে উৎপাদনমুখী কাজে লাগানো যায় ভবিষ্যতে সেই নিয়ে নানা পরিকল্পনা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। আসলে পুজো হয়ে গেলে পড়ে থাকা ফুল নিয়ে সাধারণ মানুষের নানা রকমের সংস্কার থাকে। ভগবানের পায়ে থাকা ফুলে যেখানে সেখানে ফেলতে চান না অনেকেই। তাই এবার সেই ফুল দিয়েই এই উদ্যোগ নেওয়া হতে চলেছে।

google button