প্রীতি পোদ্দার, কলকাতা: ঘূর্ণিঝড় আকভান (Cyclone Akvan) এইমুহুর্তে ওড়িশার উপকূলে আছড়ে পড়লেও তার প্রভাব পড়ছে বাংলায়। সকাল থেকেই বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়েই চলেছে। এককথায় দুর্যোগের অন্ত নেই। যদিও এখনই এই দুর্যোগ থামবে না। আগামীকাল, শনিবারও (Weather Tomorrow) গোটা রাজ্য জুড়ে দফায় দফায় চলবে বৃষ্টি। এর ফলে, শহরের নিচু জায়গায় জমতে পারে জল।
দফায় দফায় চলছে বৃষ্টি
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে আজ সকাল থেকেই কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েই চলেছে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইছে। হাওয়া অফিস জানিয়েছে এখনই এই দুর্যোগ কমবে না। আগামীকাল, শনিবারও ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে বজ্রপাত, ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরে বুলেটিন অনুযায়ী আগামীকাল শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাবে। সকাল থেকেই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং হাওড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে হওয়া অফিস। তবে রবিবার বিকেল থেকে আবহাওয়ার খানিক উন্নতি হবে। তবে পুরোপুরি বৃষ্টি কমবে না।
আরও পড়ুন: আরামবাগে এবার দ্বিতীয় রামকৃষ্ণ সেতু, ৩৭৫ কোটি টাকা মঞ্জুর করল কেন্দ্র
জলমগ্ন কলকাতা
হালকা থেকে মাঝারি বৃষ্টির জেরে কলকাতা ও সংলগ্ন এলাকায় নিচু জায়গাগুলিতে জল জমার আশঙ্কা তৈরি হয়েছে। আন্ডারপাস বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে অনেকে, যান চলাচল ব্যাহত হতে পারে এবং দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এইসময় যাত্রীদের রাস্তায় বেরনোর আগে যানজটের পরিস্থিতি দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি অন্যতম। সেখানে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেখানকার আবহাওয়া এইমুহুর্তে বেশ মনোরম। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনরাত বিক্ষিপ্ত বৃষ্টি হলেও উত্তরবঙ্গে একাধিক জেলায় এই মুহূর্তে শুষ্ক আবহাওয়া বিরাজ করেছে। তবে আগামীকাল শনিবারও মালদহ, দক্ষিণ দিনাজপুর জেলায় ২১ নভেম্বর পর্যন্ত বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে মালদহ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরেও কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে আবহাওয়ার অনেক উন্নতি হবে।


