বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেটের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেও অবসর নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ব্যাট হাতে আর মাঠে দেখা যাবে না মাহিকে। তবে ভারতীয় ক্রিকেট ভক্তদের পছন্দের তারকা দায়িত্ব পালন করবেন চেন্নাই সুপার কিংসের মেন্টরের। গত 17 নভেম্বর, সে কথা ঘোষণা করে দিয়েছে চেন্নাই সুপার কিংস ফ্রাঞ্চাইজি। এদিকে ধোনির অবসর নিয়ে ইতিমধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের প্রাক্তন ক্রিকেটারেরা। সেই পথ ধরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধোনির অবসর প্রসঙ্গে মন্তব্য করতে শোনা গেল ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকেও (Sourav Ganguly)।
ধোনিকে নিয়ে কী বললেন দাদা?
মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট ছাড়ার পরই তাঁকে নিয়ে নানান খবর প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। উঠে আসছে মাহির অতীতের নানান স্মৃতিও। সেসবের মাঝেই সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাহির অবসর প্রসঙ্গে মুখ খুলেছিলেন সৌরভ। বিগ বস বাংলা নিয়ে কথা বলতে বলতেই এক সাংবাদিক দাদাকে প্রশ্ন করেন, মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নিয়েছেন, এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী?
ক্যামেরার মুখোমুখি হয়ে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ একেবারে স্পষ্ট করে বলেন, “কালকে অবসর নিয়েছে, অনেক শুভেচ্ছা। সে আসলেই একজন চ্যাম্পিয়ন। অধিনায়ক, প্লেয়ার সব ভূমিকাতেই এমএস ধোনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।” চেন্নাই সুপার কিংসের নতুন মেন্টর হয়েছেন মাহি, তা নিয়েও এদিন কথা বলতে শোনা গেল দাদাকে। সৌরভ গাঙ্গুলি বললেন, ‘সিএসকের মেন্টরও হয়েছে, হয়তো এটা আগে হলে ভালো হতো.. সে অবশ্যই একজন বিশেষ খেলোয়াড়।”
আরও পড়ুন: নিজের ‘দেশ আর্জেন্টিনার’ বিরুদ্ধেই আইনি লড়াইয়ে নামছেন মেসি
মহারাজ নিজের বক্তব্যের মধ্যে দিয়ে ধোনিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি একটা বিষয় পরিষ্কার করে বুঝিয়ে দিলেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে আগেই অবসর নিয়ে চেন্নাই সুপার কিংসের মেন্টরের পদে বসা উচিত ছিল মাহির! বলা বাহুল্য, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের ভূমিকায় রয়েছেন সৌরভ গাঙ্গুলি। কাজেই প্রতিযোগিতার ময়দানে ধোনির মুখোমুখি হতে হবে তাঁকেও!


