অনন্যা সরকার, কর্ণাটক: যে গোবরকে অধিকাংশ মানুষ আবর্জনা বলে মনে করে, তা দিয়েই নিজের ব্যবসা গড়ে তুলেছেন কর্ণাটকের বাসিন্দা অক্ষতা এ। গরু-মহিষের গোবর মূলত সার বা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। সেই পশুর বর্জ্যকেই দেওয়ালে লাগানোর রঙে রূপান্তরিত করেছেন অক্ষতা। ২০২২ সালে প্রায় ২৫ লক্ষ টাকা বিনিয়োগের মাধ্যমে তিনি ‘সন্নিধি প্রাকৃতিক পেইন্ট’ (Sannidhi Prakritik Paint) নামে তাঁর এই বিশেষ উদ্যোগটি শুরু করেন। পরে সেই ব্যবসার মাধ্যমেই রাজ্য ও জাতীয় স্তরে স্বীকৃতি পেয়েছেন অক্ষতা। আসুন তাঁর এই সাফল্যের কাহিনীটি (Success Story) জেনে নেওয়া যাক।
অতিমারির সময় মাথায় আসে আইডিয়া
কোভিড-১৯ অতিমারির সময় কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার হালেঙ্গাডি গ্রামের বাসিন্দা অক্ষতা জয়পুরের কুমারাপ্পা ন্যাশনাল হ্যান্ডমেড পেপার ইনস্টিটিউট-এর গোবর-ভিত্তিক রঙ তৈরির প্রযুক্তি সম্পর্কে জানতে পারেন। এই সম্পূর্ণ পদ্ধতিটির ওপর প্রশিক্ষণ নেওয়ার পর, তিনি কোয়েম্বাটোর থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি জোগাড় করে নেমে পড়েন ব্যবসায়। গড়ে তোলেন কাউ-ডাং পেইন্টের নিজস্ব উৎপাদন কেন্দ্র।
অক্ষতা স্থানীয় ডেয়ারি ফার্ম ও গবাদি পশু পালকদের কাছ থেকে প্রতি কেজি গোবর ৫ টাকা দরে কেনেন। এই গোবর প্রক্রিয়াজাত করে তিনি রঙ তৈরি করেন, যা প্রতি লিটার জিএসটি-সহ ১৯০ টাকা দামে বিক্রি হয়। অক্ষতার ওই ব্যবসা থেকে যে শুধু তিনিই লাভবান হচ্ছেন, এমনটা নয়। এই উদ্যোগের ফলে গবাদি পশু পালনকারীরা আয়ের একটি বাড়তি উৎস পেয়েছেন। এর পাশাপাশি অক্ষতার ব্যবসার জন্য প্রয়োজনীয় কাঁচামালের সরবরাহও নিশ্চিত হয়েছে।
আরও পড়ুন: ভারতের সোনায় ‘চীনা ধাতুর গুঁড়ো’? পরীক্ষা করেও ধরা পড়ছে না খাদ!
কীভাবে গোবর দিয়ে তৈরি হয় রঙ?
রঙ তৈরির প্রক্রিয়ার শুরুতেই গোবরকে বিশেষ পদ্ধতিতে পরিষ্কার ও বিশুদ্ধ করা হয়। এরপর জল, সোডিয়াম হাইড্রক্সাইড ও হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করে সেটিকে প্রক্রিয়াজাত করা হয়। সবশেষে ক্যালসিয়াম কার্বোনেট, বাইন্ডার ও পিগমেন্ট বা রঙের উপাদান মিশিয়ে ঘরের দেওয়াল রঙ করার উপযোগী ওয়াল পেইন্ট তৈরি করা হয়। শুরুতে গোবর দিয়ে তৈরি রঙের গন্ধ ও কার্যকারিতা নিয়ে মানুষের মনে সন্দেহ ছিল। এই সংশয় দূর করতে অক্ষতা স্থানীয় কিছু বাড়ি ও মন্দির বিনামূল্যে রঙ করে দেওয়ার প্রস্তাব দেন। তাঁর রঙের গুণমান ও ফিনিস দেখে ধীরে ধীরে গ্রাহকদের আস্থা বাড়তে থাকে এবং কর্ণাটকের বাইরের রাজ্যগুলি থেকেও আগ্রহী ব্যক্তিরা অক্ষতার সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন।
জানিয়ে রাখি, ২০২১ সালের ১২ জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি খাদি ন্যাচারাল পেইন্ট (Khadi Natural Paint) চালু করার পর গোবর দিয়ে রঙ তৈরির এই প্রযুক্তি জাতীয় স্তরে স্বীকৃতি পায়। সরকারি তথ্য অনুযায়ী, এই রঙ সম্পূর্ণ গন্ধহীন, সাশ্রয়ী মূল্যের এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) দ্বারা স্বীকৃত। অক্ষতার এই উদ্যোগ প্রমাণ করে যে, সঠিক প্রযুক্তি এবং উদ্ভাবনী মানসিকতা থাকলে বর্জ্য পদার্থকেও একটি লাভজনক ও পরিবেশবান্ধব ব্যবসা এবং কর্মসংস্থানের উৎসে পরিণত করা সম্ভব।


