প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই আসছে রাস পূর্ণিমা (Rash Purnima 2026)। তাইতো ভক্তিভরে সেই উৎসব পালনের আগ্রহে ভক্তরা এখন থেকেই নানা প্রস্তুতিতে নেমেছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, চলতি বছর রাস পূর্ণিমা পড়েছে আগামী ২৪ নভেম্বর, মঙ্গলবার। ওইদিন পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ২৩ নভেম্বর রাত ১১টা ৪২ মিনিটে এবং তিথি শেষ হচ্ছে ২৪ নভেম্বর রাত ৮টা ২৩ মিনিটে। তাই মঙ্গলবার দিনটিই রাস পালনের জন্য সবচেয়ে উপযুক্ত। কিন্তু জানেন কেন এই রাস পূর্ণিমার (Rash Purnima Significance) প্রচলন হল? চলুন সম্পূর্ণটা জেনে নেওয়া যাক আজকে প্রতিবেদনের মাধ্যমে।
রাস পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য
বৈষ্ণব সম্প্রদায়ের কাছে অন্যতম প্রধান উৎসব হল রাস পূর্ণিমা। ধুমধাম করে পালন করা হয় এই উৎসব। শাস্ত্র মতে, বৃন্দাবনে থাকাকালীন নাকি শ্রীকৃষ্ণ গোপিনীদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাঁদের মনের সব ইচ্ছে পূরণ করবেন এবং তাঁদের সঙ্গে রাসলীলা করবেন। আর সেই প্রতিজ্ঞা রাখতেই কার্তিক পূর্ণিমা তিথিতে রাধা ও অন্য গোপিনীদের সঙ্গে রাসলীলা করেছিলেন কৃষ্ণ। সেই থেকে শুরু হয় এই রাস পূর্ণিমা। এই উৎসবকে অনেকেই আবার প্রেমের উত্সব রাস বলে চেনেন।
ভজন, কীর্তনেরও আয়োজন করা হয়ে থাকে
পুরান অনুযায়ী, শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় এই উৎসব পালন করা হয়ে থাকে। আর সেই সংস্কৃতিকে তুলে ধরতে মহারাজা কৃষ্ণচন্দ্র এই রাস উৎসবের প্রচলন করেন মহাধুমধাম করে। এরপর থেকেই প্রতি বছর নদিয়ার শান্তিপুর ও নবদ্বীপে টানা তিন থেকে চারদিন পালিত হয় এই রাস উৎসব। ভজন, কীর্তনেরও আয়োজন করা হয়ে থাকে। এমনকি উৎসবের শেষ দিনও বের হয় এই শোভাযাত্রা। যদিও কালে কালে এই উৎসবকে কেন্দ্র করে রাসের মেলার আয়োজন করা হয় একাধিক জেলায়।
আরও পড়ুন: জানেন কেন ঘুমের মধ্যে আমরা স্বপ্ন দেখি? রইল আসল কারণ
শুধু বাংলায় নয়, এই রাসের উৎসবের আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনের ভক্তরা। এছাড়া ওড়িশা, অসম ও মণিপুরে রাসযাত্রার বিশেষ ভাবে পালিত হয়। এই দিনে সূর্যোদয়ের আগে ব্রাহ্ম মুহূর্তে স্নান করা শুভ বলে মনে করা হয়। এছাড়াও এই রাস পূর্ণিমার আরও একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। পৌরাণিক কাহিনি অনুসারে এই দিনে নাকি ভগবান শিব ত্রিপুরাসুর নামে এক রাক্ষসকে বধ করেছিলেন। তাই এই পূর্ণিমা ত্রিপুরী বা ত্রিপুরারি পূর্ণিমা নামেও অনেক জায়গায় পরিচিত।


