সহেলি মিত্র, কলকাতাঃ দফায় দফায় ভারী বৃষ্টি শুরু হয়েছে বাংলায়। ভরা নভেম্বর মাসে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাবে বাংলায় বর্ষাকালের মতো বৃষ্টি হবে কেউ স্বপ্নেও ভাবতে পারেননি হয়তো। এদিকে বৃষ্টির সঙ্গে ঠান্ডার দাপটও ভালো মতোই রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবারও দিকে দিকে ভারী বৃষ্টির (Weather Today) সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে কলকাতাতেও। এখন প্রশ্ন উঠছে, কবে থেকে বাংলার আবহাওয়ার উন্নতি ঘটবে? জানা গিয়েছে, ঘূর্ণিঝড় দুর্বল হয়ে বর্তমানে নিম্নচাপের আকারে ওড়িশার উপর অবস্থান করছে। আগামী কয়েক ঘণ্টায় সিস্টেমটি আরও দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আলোচনা করে নেওয়া যাক সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে আজও। সিস্টেমের প্রভাবে এখনো প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে এবং মেঘপুঞ্জ দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসছে। আবহাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, এদিন ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে মুর্শিদাবাদ, হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। তবে বিকেলের পর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির তীব্রতা কমতে শুরু করবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার (North Bengal) হাল হকিকত সম্পর্কে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ-ও। বাদবাকি জেলাগুলির আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে।
আরও পড়ুনঃ GTA 6-এ ১৯৮২ এর বাংলা গান! স্মৃতির অতলে হারিয়ে যাওয়া শিল্পী পেলেন আন্তর্জাতিক স্বীকৃতি
আগামীকালের আবহাওয়া
রবিবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ছুটির দিনে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


