সহেলি মিত্র, কলকাতাঃ পুরুলিয়া তো অনেক ঘুরেছেন, কিন্তু কখনও কুমারী ড্যামের নাম শুনেছেন বা সেখানে গিয়েছেন? যদি না গিয়ে থাকেন তাহলে বড় মিস করেছেন। পুরুলিয়া (Purulia Tour) মানেই হল ভ্রমণপিপাসু বাঙালির কাছে একটা ইমোশনের জায়গা। অযোধ্যা পাহাড়, বরন্তী, আপার ড্যাম, লোয়ার ড্যাম, জয়চন্ডি পাহাড়, কী না নেই। কিন্তু আবার কিছু মানুষ আছেন যারা সেই একই চিরাচরিত জায়গায় ঘুরতে পছন্দ করেন না, অফবিট জায়গার খোঁজ করেন। আপনিও যদি এরকম হয়ে থাকেন তাহলে আজ পুরুলিয়ার বুকে লুকিয়ে থাকা একদম অফবিট ও সুন্দর জায়গার সন্ধান দেব যেখানে গেলে ভাববেন কেন আগে আসেননি এখানে। আজ কথা হবে কুমারী ড্যাম (Kumari Dam) নিয়ে।
পুরুলিয়ার অফবিট পর্যটন কেন্দ্র কুমারী ড্যাম!
শীতকালে এই ড্যামের রূপ যেন আরও ঠিকরে বেরোয়। এত সুন্দর জায়গা আগে খুব কমই হয়তো আপনি দেখেছেন। এই কুমারী ড্যাম হল পুরুলিয়ার সেরা পিকনিক স্পটগুলির মধ্যে অন্যতম। এখানকার শান্ত শিষ্ট পরিবেশ দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন। নতুন করে আবার পুরুলিয়ার প্রেমে পড়ে যাবেন। এই কুমারী ড্যামকে স্থানীয়ভাবে উরমা ড্যামও বলা হয়।
আরও পড়ুনঃ ঘন জঙ্গলের মধ্যে ট্রেকিং করে পৌঁছে যান আপখোল জলপ্রপাত, চোখ জুড়িয়ে যাবে আপনার
কী কী দেখবেন?
বলা হয়, ড্যামটি ১৯৮৪ সালে কার্যকর হয়। উর্মার পাথুরে নদীখাত, জলপ্রবাহ এবং ড্যামের পুরনো কাঠামো মিলিয়ে জায়গাটির নিজস্ব একটি সৌন্দর্য রয়েছে। বিশেষ করে বর্ষাকালে জলপ্রবাহ বাড়লে প্রকৃতির রূপ আরও আকর্ষণীয় হয়ে ওঠে। পুরুলিয়া থেকে বলরামপুর যাওয়ার পথে উরমা মোড় পড়বে। সেখান থেকে আগে আপনাকে উরমা গ্রাম আসতে হবে। এখানেই রয়েছে কুমারী ড্যাম। গ্রামের মেঠো পথ ধরে এই কুমারী ড্যামে এলে এখান থেকে সহজে আপনার পা নড়তে চাইবে না। ডিসেম্বরের শেষের দিকে এখানে পিকনিক হয়, মানুষের ভিড় উপচে পড়ে। কিন্তু বছরের অন্যান্য সময়ে এখানে এলে আপনার শরীর ও মন দুইই জুড়িয়ে যাবে। এখানে খোলা আকাশের নীচে জলকেলি করার মজাটাই আলাদা। এখানে এলে বেড়াদার শিব মন্দিরে পুজো দিতে ভুলবেন না।
কীভাবে যাবেন?
কুমারী ড্যামে যেতে হলে আগে আপনাকে পুরুলিয়া স্টেশনে আসতে হবে। সেখান থেকে একটি গাড়ি ভাড়া করে বলরামপুর যাওয়ার পথে উরমা মোড় পড়বে। সেখান থেকে আগে আপনাকে উরমা গ্রাম আসতে হবে। এরপর সেখান থেকে কিছুটা গেলেই দেখতে হবে সুন্দর কুমারী ড্যাম।


