আর আটকাবে না, সিকিম-কালিম্পংয়ের পথ! NH-10 এর সুরক্ষায় ১৯২.৬৫ কোটির অনুমোদন

Published:

সহেলি মিত্র, কলকাতা: বড় সুখবর শোনালেন দার্জিলিং-এর বিজেপি সাংসদ রাজু বিস্তা (Raju Bista)। উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ সড়কপথ NH 10-কে আরও নিরাপদ করে তুলতে বড়সড় উদ্যোগ নেওয়া হল। কালিম্পং জেলার সেবক-রংপো অংশে ধসপ্রবণ ৮টি স্থানে ঢাল সংরক্ষণ ও ভূমিধস মোকাবিলার কাজের জন্য ১৯২.৬৫ কোটি টাকা অনুমোদন করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক (MoRTH)।

পাহাড়ে ধস রুখতে মোটা টাকা বরাদ্দ করল কেন্দ্র

এই অনুমোদনের কথা জানিয়েছেন দার্জিলিং-এর সাংসদ। তিনি আরও বলেছেন, প্রকল্পের কাজ শেষ হলে পাহাড়ি এই গুরুত্বপূর্ণ সড়কে যাতায়াত আরও নিরাপদ ও নির্ভরযোগ্য হবে। গত ২৩ অক্টোবর ২০২৬ তারিখে কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করিকে চিঠি লিখে তিস্তা নদী সংলগ্ন NH-10-এর ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছিল। চিঠিতে জানানো হয়, এই নদীর ধার বরাবর ছয়টি জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে। জলাধার থেকে জল ছাড়া, অতিবৃষ্টি এবং মেঘভাঙা বৃষ্টির কারণে হঠাৎ বন্যা, নদীর পাড় ভাঙন, পাথর ধস এবং পাহাড়ের ঢাল অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কা থাকে।

এছাড়াও NH-10 ও তিস্তা নদীর তীরবর্তী এলাকায় পর্যাপ্ত ঢাল সংরক্ষণের কাজ না হওয়ার বিষয়টিও তুলে ধরা হয়। ঝুঁকিপূর্ণ স্থানগুলিতে বিস্তারিত ভূ-প্রযুক্তিগত ও জলবিদ্যুৎ-সংক্রান্ত সমীক্ষা, বিপজ্জনক এলাকাগুলির জিও-ট্যাগিং এবং নদীর পাড় সংরক্ষণ ও পাহাড়ের ঢাল স্থিতিশীল করার কাজ প্রকল্পের আওতায় আনার দাবি জানানো হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রের এই অনুমোদনকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ট্রাফিক আইন ভাঙলে চালানের সাথে ৩২ ঘণ্টা সমাজসেবা বাধ্যতামূলক! নিয়ম আনছে রাজ্য

উপকৃত হবেন পাহাড় প্রেমীরা

দার্জিলিং পাহাড়, কালিম্পং, সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে NH-10 অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর বর্ষাকালে ধস ও পাথর পড়ার কারণে এই সড়কে যান চলাচল ব্যাহত হয়। বহু ক্ষেত্রে সাধারণ মানুষের জীবনও বিপদের মুখে পড়ে। ফলে নতুন প্রকল্পের কাজ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দা, কৃষক, ব্যবসায়ী, পড়ুয়া এবং চিকিৎসার জন্য যাতায়াতকারী মানুষ উপকৃত হতে পারেন। এই অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি এবং MoRTH ও NHAI-র আধিকারিকদের ধন্যবাদ জানানো হয়েছে।

google button