ট্রাফিক আইন ভাঙলে চালানের সাথে ৩২ ঘণ্টা সমাজসেবা বাধ্যতামূলক! নিয়ম আনছে রাজ্য

Published:

Traffic Rules Violators

অনন্যা সরকার, উত্তরাখণ্ড: ট্রাফিক আইন অমান্য করলে এখন থেকে শুধু জরিমানা দিয়েই রেহাই পাওয়া যাবে না। জরিমানার পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের (Traffic Rules Violators) ৮ থেকে ৩২ ঘণ্টা সমাজসেবাও করতে হতে পারে। এরকমই নিয়ম আনতে চলেছে উত্তরাখণ্ড সরকার। উত্তরাখণ্ডে সংশোধিত মোটর ভেহিকেল আইন, ২০১৯-এর এই নিয়মটি কার্যকর করার জন্য, সে রাজ্যের পরিবহন বিভাগ ‘অপরাধ প্রশমন ও সমাজসেবা বিধিমালা, ২০২৬’-এর একটি খসড়া প্রস্তুত করেছে, যা বর্তমানে রাজ্যের আইনসভায় পর্যালোচনার অধীনে রয়েছে। উত্তরাখণ্ডের পরিবহন সচিব রবিনাথ রমন জানিয়েছেন যে, বিভিন্ন দিক পর্যালোচনা করার পর এই নিয়মটি শীঘ্রই কার্যকর করা হবে।

সমাজসেবামূলক কাজ করতে হবে নিয়মভঙ্গকারীদের 

প্রস্তাবিত নীতিতে বলা হয়েছে যে, ট্রাফিক আইন ভাঙার প্রকৃতি ও তীব্রতার ওপর ভিত্তি করে সমাজসেবার ঘণ্টার সংখ্যা নির্ধারণ করা হবে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো এবং পথে অ্যাম্বুলেন্সকে বাধা দেওয়ার মতো গুরুতর আইন লঙ্ঘনের ক্ষেত্রে ৩২ ঘণ্টার জন্য সমাজসেবা করতে হবে। হেলমেট বা বীমা ছাড়া গাড়ি চালানো হলে, গাড়ির দূষণের মান পূরণ না করা, দুই চাকার যানবাহনে তিনজন আরোহী থাকা এবং লাল বাতি অমান্য করার মতো সাধারণ আইনভঙ্গের জন্য নির্ধারিত জরিমানার পাশাপাশি ১৬ বা ৮ ঘন্টা সমাজসেবার বিধান দেওয়া হয়েছে। এছাড়াও, যদি কোনো চালক এই সমাজসেবার বিধান মানতে সক্ষম না হন, তবে তাকে নির্দিষ্ট আইনভঙ্গের জন্য নির্ধারিত জরিমানার চারগুণ পর্যন্ত অর্থ প্রদান করতে হতে পারে। 

আরও পড়ুন: মাধ্যমিক ২০২৮-এর জন্য নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তৃতীয় সুযোগ দিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ

সমাজসেবার অংশ হিসেবে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের চৌরাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করা, মেলা ও উৎসবের সময় ভিড়  নিয়ন্ত্রণের কাজ করা, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা ও পরিবহন নিয়ম সম্পর্কে শিক্ষিত করা, গাছ লাগানো, রক্তদান এবং পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণের মতো কাজ দেওয়া হবে। কাজ শেষ হলে, উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে একটি সার্টিফিকেট দেওয়া হবে, যার ভিত্তিতে জরিমানার পরিমাণ হ্রাস বা অ্যাডজাস্ট করা হয় পারে।

ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করার জন্য পুলিশ ইন্সপেক্টর, পরিবহন বিভাগের বিভাগীয় ইন্সপেক্টর বা ট্যাক্স ইন্সপেক্টরদের, গ্রাম ও ওয়ার্ডের পরিচ্ছন্নতার জন্য গ্রাম প্রধান বা কাউন্সিলরদের, বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষার জন্য রেঞ্জারদের এবং স্কুল ও কলেজের প্রিন্সিপাল বা হেডমাস্টারদের সার্টিফিকেট ইস্যু করার ক্ষমতা দেওয়া হবে। এছাড়াও, বিভিন্ন বিভাগে জরিমানার পরিমাণ দ্বিগুণ করার প্রস্তাবটি আইনসভায় পুনর্বিবেচনার অধীনে রয়েছে।

google button