অনন্যা সরকার, কলকাতা: প্রিমিয়াম স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে ২০২৬ সাল শেষ হওয়ার আগেই কিনে ফেলুন। কেননা বাজার গবেষণা সংস্থা ‘কাউন্টারপয়েন্ট রিসার্চ’ (Counterpoint Research) পূর্বাভাস দিচ্ছে যে, সেমিকন্ডাক্টর বা মেমরি চিপের দাম বেড়ে যাওয়ার কারণে ডিসেম্বর মাসের শেষের দিকে অধিকাংশ ব্র্যান্ডের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনের দাম (Smartphone Price) ৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এর ফলে, ভারতে প্রিমিয়াম ফোনগুলোর গড় দাম ১ লাখ টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে।
মেমোরি চিপের ক্রমাগত মূল্যবৃদ্ধির প্রভাবে বাড়ছে স্মার্টফোনের
কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)-এর জন্য তৈরি ডেটা সেন্টারগুলোর চাহিদা বেড়ে যাওয়ার কারণে র্যাম (DRAM) এবং ন্যান্ড (NAND) স্টোরেজের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফলে, ২০২৫ সালের শুরুর দিকে একটি স্মার্টফোন তৈরির মোট খরচের ১৩ শতাংশ মেমোরি চিপের জন্য ব্যয় হলেও, ২০২৬ সালের শেষ দিকে এই খরচ মোট খরচের ৪৩ শতাংশে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কাউন্টারপয়েন্টের রিসার্চ ডাইরেক্টর তরুণ পাঠক জানিয়েছেন, এই ঊর্ধ্বমুখী খরচ নির্মাতাদের তাদের ফোনের যন্ত্রাংশ, স্পেসিফিকেশন এবং পণ্য কৌশল নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। এদিকে, যেহেতু দাম বাড়ছে তাই গ্রাহকরাও আরও শক্তিশালী প্রসেসর, দীর্ঘস্থায়ী ব্যাটারি, উন্নত ক্যামেরা সেন্সর, মজবুত বিল্ড এবং উন্নত পরিষেবার প্রত্যাশা করছেন।
আরও পড়ুন: ৮০ শতাংশ দৃষ্টিহীনতা, ক্যানসারকে হারিয়ে জাতীয় প্যারা সুইমিংয়ে সোনা জয় কলকাতার তরুণিকার
কাউন্টারপয়েন্টের রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই ওপ্পো (Oppo)-এর ফ্ল্যাগশিপ ফোনগুলোর দাম আগের বছরের তুলনায় ৮২ থেকে ৮৭ শতাংশ বেড়েছে, যা অন্যান্য কোম্পানিগুলির তুলনায় সবচেয়ে বেশি। এদিকে, অ্যাপল (Apple)-এর আইফোনের দাম বেড়েছে ২০ থেকে ২২ শতাংশ। শোনা যাচ্ছে বছর শেষে অ্যাপল ও স্যামসাং (Samsung)-এর কিছু ফ্ল্যাগশিপ মডেলের দাম ২ লাখ টাকার কাছাকাছি পৌঁছে যাবে।
দীপাবলি যেতেই স্যামসাংও তাদের ডিভাইসের দাম ২,০০০ থেকে ৪,০০০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। এর আগে লেটেস্ট ফ্ল্যাগশিপ Galaxy S26-এর দাম ১৭ শতাংশ বাড়ানো হয়েছিল। চীনা ব্র্যান্ড শাওমি (Xiaomi)-ও তালে তাল মিলিয়ে প্রায় একই হারে দাম বাড়াচ্ছে। অন্যদিকে, আইকু (iQOO) এবং গুগল (Google)-এর মতো ব্র্যান্ডগুলো আবার তুলনামূলকভাবে কম দামে উন্নত স্পেসিফিকেশন অফার করে গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করছে।
তাই যদি আপনিও একটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে বর্তমানে যে দামে পাওয়া যাচ্ছে, সেই দামেই কিনে ফেলা বুদ্ধিমানের কাজ হবে। তবে তাড়াহুড়ো করে নয়, ভালোভাবে ভেবেচিন্তে, প্রসেসর, স্টোরেজ, র্যাম, ব্যাটারি, ক্যামেরা, সফ্টওয়্যার আপডেট, ওয়ারেন্টি এবং সার্ভিস নেটওয়ার্কের বিষয়গুলো ভালোভাবে তুলনা করে দেখে তবেই কিনুন। কারণ লক্ষ টাকা দামের ফোনের ক্ষেত্রে ক্রেতাদের প্রত্যাশা সাধারণত বেশিই থাকে।


