১ ডিসেম্বর থেকে কলকাতা, শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশ ভিসা কেন্দ্র

Published:

Bangladesh Visa Centres Close

প্রীতি পোদ্দার, কলকাতা: বাংলাদেশের ভিসা আবেদন পরিষেবায় বড় পরিবর্তন আনতে চলেছে সরকার। আগামী ৩০ নভেম্বরের পর থেকে কলকাতা ও শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র (Bangladesh Visa Centres Close)। অর্থাৎ বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা থাকলে কিংবা ব্যবসা অথবা আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য ভিসার আবেদন করার চিন্তা ভাবনা থাকলে আগে থেকে সরকারের নির্দেশিকা (Bangladesh Visa News) জেনে নেওয়া খুব জরুরি। স্বাভাবিকভাবেই তাই এখন প্রশ্ন উঠছে কোথায় নতুন করে ভিসার আবেদন জমা দিতে হবে?

বন্ধ হচ্ছে ভিসা আবেদন কেন্দ্র

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ্যে এনেছেন। যেখানে জানানো হয়েছে যে, DU ডিজিটাল গ্লোবাল লিমিটেডের সঙ্গে বাংলাদেশ সরকারের ভিসা আউটসোর্সিং সেবার চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে। কিন্তু বাংলাদেশ সরকার চুক্তিটি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ১ ডিসেম্বর থেকে প্রতিষ্ঠানটির অধীনে পরিচালিত কলকাতা ও শিলিগুড়ির ভিসা আবেদন কেন্দ্র দুটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

কোথায় করা যাবে ভিসার আবেদন?

হাইকমিশনের এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে ভিসা নিয়ে। যদিও বাংলাদেশ উপ-হাইকমিশন আবেদনকারীদের আশ্বস্ত করতে স্পষ্টভাবে জানিয়েছেন যে, ভিসা আবেদন পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয়নি। বরং নতুন সংস্থার মাধ্যমে পরিষেবা চালু করার প্রস্তুতি চলছে। খুব শীঘ্রই নতুন ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা, কোথায় হবে এবং এই পরিষেবা পরিচালনার দায়ভার কোন সংস্থা নেবে সবটাই একটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

আরও পড়ুন: ট্রাফিক আইন ভাঙলে চালানের সাথে ৩২ ঘণ্টা সমাজসেবা বাধ্যতামূলক! নিয়ম আনছে রাজ্য

প্রসঙ্গত, চিকিৎসার জন্য বাংলাদেশের নাগরিকরা বরাবরই ভরসা রাখেন কলকাতারই হাসপাতালের উপর। সেই কারণে প্রতি বছর হাসপাতালগুলিতে তাঁদের ভিড় বেশ নজরে আসে। আবার এখানকার অনেকের আত্মীয়ের বাড়ি বাংলাদেশে। তাই বিভিন্ন উৎসব পার্বণে প্রতিবেশী দেশে যাওয়ার জন্য ভিড় দেখা যায় অনেক। কিন্তু কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের বিজ্ঞপ্তিতে স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়েছে সকলের। তাই এখন বাংলাদেশের নতুন কেন্দ্র চালুর বিষয়ে বিস্তারিত ঘোষণা না আসা পর্যন্ত ভারত থেকে বাংলাদেশে ভ্রমণে ইচ্ছুক আবেদনকারীদের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে।

google button