ইট-বালি ছেড়ে হাতে স্টেথোস্কোপ! প্রথমবারেই NEET ক্র্যাক, ডাক্তার হবেন রাজমিস্ত্রী শুভম

Published:

NEET UG Success Story of Subham Shabar

অনন্যা সরকার, ওড়িশা: এ এক চড়াই উতরাইয়ে ভরা যাত্রার কাহিনী। ওড়িশার শুভম শবর অনেক প্রতিকূলতা পেরিয়ে তাঁর ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করেছেন (NEET UG Success Story of Subham Shabar)। যে হাত দিয়ে এতদিন ইট, বালি, সিমেন্ট ঘেঁটেছেন, সেই হাতেই উঠতে চলেছে স্টেথোস্কোপ। খুরদার এক দরিদ্র পরিবারের ছেলে শুভম তার পরিবারের ভরণপোষণের জন্য বেঙ্গালুরুতে রাজমিস্ত্রির কাজ করতেন। সেখানেই তিনি জানতে পারেন যে দেশের অন্যতম কঠিন ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, নিট (NEET UG)-এ সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে তিনি ওড়িশার এমকেসিজি মেডিকেল কলেজ ও হাসপাতালে এমবিবিএস (MBBS) কোর্সে পাঠরত। 

জীবন বদলে দিল একটি ফোন কল

বেঙ্গালুরুর একটি কনস্ট্রাকশন সাইটে কাজ করার সময় ১৯ বছরের শুভম তার শিক্ষক বাসুদেব মহারানার কাছ থেকে একটি ফোন পান। ফোনে শিক্ষক বলেন, এবার তো মিষ্টি বিলানোর সময় হয়ে গেল। কারণ জিজ্ঞাসা করলে শিক্ষক জানান যে, শুভম তাঁর প্রথম প্রচেষ্টাতেই নিট পরীক্ষায় সফল হয়েছেন। আবেগে আপ্লুত হয়ে শুভম তাঁর ঠিকাদারের কাছ থেকে অনুমতি নিয়ে পরের দিন বাড়ি ফিরে আসেন। তফসিলি উপজাতি (ST) বিভাগের অধীনে ১৮,২১২তম র‍্যাঙ্ক অর্জন করে শুভম এমকেসিজি মেডিকেল কলেজে এমবিবিএস প্রোগ্রামের জন্য একটি সিট দখল করে নিয়েছেন।

ওড়িশার খুরদা জেলার বানপুর ব্লকের মুদুলিদিয়া গ্রামের বাসিন্দা শুভম ছোট থেকেই দারিদ্র্যের মধ্যে বড় হয়ে উঠেছেন। প্রথমে তাঁর স্বপ্ন ছিল পুলিশ অফিসার হওয়ার, তারপর উচ্চশিক্ষা গ্রহণের সময় শুভমের আগ্রহ চিকিৎসার দিকে ঝুঁকে পড়ে। স্বপ্ন দেখেছিলেন ডাক্তার হওয়ার, তাই নিটের প্রস্তুতি নেন এবং ২০২৫ সালের নিট ইউজি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষার পর, পরিবারের প্রয়োজন মেটাতে শুভম চলে আসেন বেঙ্গালুরু, সেখানে প্রায় তিন মাস শ্রমিক হিসেবে কাজ করেন। এই সময়ে তিনি ৪৫,০০০ টাকা উপার্জন করেন এবং তার মধ্যে থেকে ২৫,০০০ টাকা সঞ্চয় করতে সক্ষম হন। এই সঞ্চয় তাঁর মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে খুবই কাজে লেগেছিল। 

আরও পড়ুন: ৮০ শতাংশ দৃষ্টিহীনতা, ক্যানসারকে হারিয়ে জাতীয় প্যারা সুইমিংয়ে সোনা জয় কলকাতার তরুণিকার

পাঁচ সদস্যের পরিবারে শুভম তাঁর বাবা-মা এবং ভাইবোনদের কঠোর পরিশ্রম দেখে বড় হয়েছেন। তাঁর মা রঙ্গি দেবী, এই সাফল্যের কৃতিত্ব তাঁর ছেলের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও বুদ্ধিমত্তাকেই দিয়েছেন। তবে, পাঁচ বছরের এমবিবিএস কোর্সের যে খরচ, তা ওই দরিদ্র পরিবারটির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আর্থিক প্রতিবন্ধকতা মোকাবিলার জন্য তাঁরা এখন সরকারি সহায়তার আশা করছেন।

বেঙ্গালুরুর একটি কনস্ট্রাকশন সাইট থেকে ওড়িশার মেডিকেল কলেজের ক্লাসরুম পর্যন্ত শুভমের এই যাত্রা এখন বহু দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। তাঁর এই সাফল্য প্রমাণ করে দারিদ্র্য ও প্রতিকূলতার মুখে দৃঢ় সংকল্প ও অদম্য ইচ্ছাশক্তি থাকলে সব বাধা জয় করা যায়। এখন শুভম শবরের লক্ষ্য একজন প্রতিষ্ঠিত ডাক্তার হয়ে ওড়িশার মানুষের সেবা করা। 

google button