মেনুতে ফ্রায়েড রাইস ও খাসির মাংস, বাড়ল SC ও ST হোস্টেলের পড়ুয়াদের খাবারের বরাদ্দ

Published:

Students hostel food budget

অনন্যা সরকার, বাঁকুড়া: পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতর বাঁকুড়া জেলার তপশিলি জাতি (SC) ও তপশিলি উপজাতি (ST) ছাত্রাবাসগুলিতে বসবাসকারী শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খাবারের গুণমান, পুষ্টিগুণ ও পর্যাপ্ত পরিমাণ নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়েছে যে, ছাত্রাবাসগুলির শিক্ষার্থীদের খাবারের জন্য মাসিক বরাদ্দ (Hostel Food Budget) ১,৮০০ টাকা থেকে ৩,৩০০ টাকা করা হচ্ছে। জেলার সমস্ত ব্লক উন্নয়ন আধিকারিকের (BDO) কাছে এই নির্দেশ পাঠানো হয়েছে

বাড়ছে ছাত্রাবাসের আবাসিকদের মাথাপিছু খাওয়ার খরচ

এই নতুন বিজ্ঞপ্তিটি ২০ নভেম্বর গত ৬ অক্টোবর ও ৩ নভেম্বর রাজ্য দপ্তরের কমিশনারের জারি করা দুটি নির্দেশিকার ধারাবাহিকতায় জারি করা হয়েছে। রাজ্য সরকার ছাত্রাবাসে বসবাসকারী শিক্ষার্থীদের জন্য মাসিক আহার বাবদ বরাদ্দ অর্থ ১,৮০০ টাকা থেকে বাড়িয়ে ৩,৩০০ টাকা করেছে, অর্থাৎ জনপ্রতি মাসিক ১,৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। প্রসঙ্গত, গত বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের বিভিন্ন ছাত্রাবাসের ১৪ হাজার ৭৫৩ জন পড়ুয়ার সাথে ভার্চুয়াল মাধ্যমে কথা বলেন এবং আলিপুরদুয়ারের লোকনাথপুর আশ্রম হোস্টেলটি পরিদর্শনও করেন। সেদিনই তিনি ছাত্রদের মাসিক খাবারের অনুদান বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন। তারপর শুক্রবার বাঁকুড়ার জেলার প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসারের কার্যালয় থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে ব্লক উন্নয়ন আধিকারিকদের (BDO) নির্দেশ দেওয়া হয়েছে যে, তাঁদের নিজ নিজ এলাকার সমস্ত তপশিলি জাতি ও উপজাতি ছাত্রাবাসে পরিবেশন করা খাবারের গুণমান, পর্যাপ্ততা এবং পুষ্টিগুণের ওপর যেন কঠোর নজরদারি রাখা হয়। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে, এই বর্ধিত অর্থ শুধুমাত্র শিক্ষার্থীদের খাদ্যাভ্যাস ও পুষ্টির মান উন্নয়নের জন্যই ব্যয় করতে হবে।

আরও পড়ুন: আর আটকাবে না, সিকিম-কালিম্পংয়ের পথ! NH-10 এর সুরক্ষায় ১৯২.৬৫ কোটির অনুমোদন

নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি আবাসিক শিক্ষার্থীকে প্রতিদিন দুটি প্রধান মিল এবং  দুবার জলখাবার (টিফিন) দিতে হবে। এছাড়া, মরসুমি ফল ও শাকসবজি খাদ্যতালিকায় যোগ করা বাধ্যতামূলক। খাবারের পর্যাপ্ততা ও গুণমান যাচাই করার জন্য আধিকারিকদের বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত ‘মডেল মিল চার্ট’ অনুসরণ করতে বলা হয়েছে।

আশ্রম ছাত্রাবাসের সাপ্তাহিক মেনুতে সকালের জলখাবার, দুপুরের খাবার, বিকালের টিফিন এবং রাতের খাবারে ভাত, ডাল, শাকসবজি, মাছ, দুধ (বা হরলিক্স), মুড়ি এবং ফলের মতো খাবার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, মেনুতে মৌসুমি ফল ও শাকসবজির সাথে মাসে একদিন ফ্রায়েড রাইস ও খাসির মাংস রাখার কথা বলা হয়েছে। তবে পরিস্থিতি অনুযায়ী, হোস্টেল কর্তৃপক্ষ উন্নততর খাবারের পরিবেশনের ব্যবস্থাও করতে পারে।

সরকারের তরফে সতর্ক করে দেওয়া হয়েছে যে, খাবারের গুণমানে কোনো ঘাটতি দেখা দিলে বা নির্ধারিত মানদণ্ড থেকে কোনোভাবে বিচ্যুতি ঘটলে তা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হবে এবং অবিলম্বে দরকারি ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি নির্দেশ সঠিকভাবে কার্যকর হচ্ছে কি না, তা তদারকি করার জন্য বিডিও-দের নিয়মিত ছাত্রাবাস পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছে।

google button