সৌভিক মুখার্জী, কলকাতা: কৃষকদের আর্থিক সহায়তার ক্ষেত্রে একাধিক প্রকল্প চালু করেছে কেন্দ্র এবং রাজ্য সরকার। এর মধ্যে কেন্দ্রের তরফ থেকে চালু করা প্রধানমন্ত্রী ফসল বীমা (Fasal Bima) যোজনা অন্যতম। ভূমিকম্প, খরা, বন্যা, ঘূর্ণিঝড় ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কৃষকদের ফসল নষ্ট হলে পাশে দাঁড়ায় সরকার। তবে সম্প্রতি পশ্চিমবঙ্গে শিলাবৃষ্টি এবং অতিবৃষ্টিতে যাদের ফসল নষ্ট হয়েছে, তাদের এই প্রকল্পের আওতায় ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে। কীভাবে আবেদন করবেন, রইল পদ্ধতি।
ফসল বীমা যোজনায় মিলছে ক্ষতিপূরণ
রাজ্যের কৃষি দফতরের তরফ থেকে গত ১৩ নভেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, বাংলার বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির খবর পাওয়া গিয়েছে এবং তার জেরে কিছু এলাকার কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। সেই কারণে ক্ষতিগ্রস্ত বীমাভুক্ত কৃষককে ঘটনা ঘটার ৭২ ঘণ্টার মধ্যে শস্য বীমা অ্যাপ বা কৃষি রক্ষক পোর্টালের মাধ্যমে ফসলের ক্ষতি হলে আবেদন জানানোর অনুরোধ করা হচ্ছে। পরবর্তী সময়ে সরকার কৃষকদের যোগ্য মনে করলেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণ বাবদ টাকা পাঠিয়ে দেবে।
জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় কোনও কৃষক, ভূমিকম্প, খরা, বন্যা, ঘূর্ণিঝড়, কীটপতঙ্গ, বীজ বপনে বাধা কিংবা অন্যান্য কারণে ফসলের ক্ষতি হলে সুরক্ষা পেয়ে থাকেন। এর পাশাপাশি অসময়ে বৃষ্টিপাত, ফসল তোলার পর কোনও কারণে ক্ষতি হলেও মেলে আর্থিক সহায়তা। এমনকি এই প্রকল্পে সারা দেশে অভিন্ন প্রিমিয়ামের নীতি নির্ধারণ করা হয়েছে। সেক্ষেত্রে ২০২৭ অর্থবছরে কৃষকদের আর্থিক সাহায্য করতে মোট ১২,২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে।

আরও পড়ুন: একসঙ্গে বুক করা যাবে যত খুশি টিকিট! গ্রুপ রিজার্ভেশনের নিয়মে বদল রেলের
রিপোর্ট অনুযায়ী, গত ১০ বছর ধরে মোট ৯২.৪৬ কোটি কৃষক এই প্রকল্পের আওতায় আবেদন করেছেন এবং ২৬.৩৩ কোটি কৃষক প্রকল্পের সুবিধা পেয়েছেন। তবে এই প্রকল্পে কৃষকদের সর্বোচ্চ প্রিমিয়াম খরিফ শস্য ও তৈল বীজের জন্য ২ শতাংশ নির্ধারণ করা হয়। রবি শস্য এবং তৈলবীজ ফসলের জন্য প্রিমিয়াম ধার্য করা হয়েছে ১.৫ শতাংশ। কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে যৌথভাবে ৫০:৫০ অনুপাতে এই প্রকল্পের বরাদ্দ বহন করা হয় বলেই খবর। সেক্ষেত্রে ফসলের ক্ষতি হলে ৭২ ঘণ্টার মধ্যেই ১৪৪৭ টোল ফ্রি নম্বরে রিপোর্ট করতে পারেন, অথবা ক্রপ ইন্সুরেন্স অ্যাপ থেকে সরাসরি রিপোর্ট করলে মিলবে এই প্রকল্পের অর্থ সহায়তা।


