ইস্টবেঙ্গলের কাছে হেরে মারমুখী আইজল ফুটবলাররা, গুরুতর জখম বাংলার ছেলে অঙ্কন

Published:

East Bengal Vs Aizawl

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের আক্রান্ত ইস্টবেঙ্গল (East Bengal FC)! অসমে (Assam) কেসি মেমোরিয়াল টুর্নামেন্ট খেলতে গিয়ে প্রতিপক্ষ দল আইজলের ফুটবলারদের হাতে আক্রান্ত হতে হয়েছে বেশ কয়েকজন লাল হলুদ ফুটবলারকে। সূত্রের যা খবর, আইজলের বিরুদ্ধে সেমিফাইনালে 3-1 ব্যবধানে জিতেছিল ইস্টবেঙ্গল ব্রিগেড। কলকাতার ঐতিহ্যবাহী দলটির কাছে হার সহ্য করতে না পেরে একপ্রকার মারমুখি হয়ে ওঠে আইজলের বেশ কয়েকজন প্লেয়ার। পরে হাতাহাতির ঘটনায় চোট পেয়েছেন ইস্টবেঙ্গলের অঙ্কন ভট্টাচার্য।

হার সহ্য করতে না পেরে ইস্টবেঙ্গল প্লেয়ারদের মারধর!

কেসি মেমোরিয়াল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে গতকাল মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং আইজল। মূলত রিজার্ভ দল নিয়েই এদিন খেলতে নেমেছিল লাল হলুদ। অসমের ডিএসএ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই চেনা প্রতিপক্ষ। তবে এদিন ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে ইস্টবেঙ্গল বাহিনী। লাল হলুদের ছেলেদের আক্রমণের সামনে কার্যত দিশেহারা হয়ে একের পর এক গোল খেয়েছে আইজল।

এদিনের ম্যাচে একপ্রকার ছন্নছাড়া ফুটবল খেলেই ইস্টবেঙ্গলের সামনে ধুঁকতে হয়েছিল প্রতিপক্ষ দলটিকে। অন্যদিকে ফুটবলে দক্ষতা দেখিয়ে প্রতিপক্ষ দলটিকে তিনটি গোল করেন লাল হলুদের ছেলেরা। পাল্টা আক্রমণে গিয়ে মাত্র একটি শোধ দিতে পেরেছিল আইজল। যার জেরে সেমিফাইনালে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল মেঘালয়ের দলটিকে। তবে ম্যাচ শেষে ইস্টবেঙ্গলের কাছে হার নাকি কিছুতেই মেনে নিতে পারছিলেন না আইজলের ছেলেরা।

 

আরও পড়ুন: পারেনি কোনও ভারতীয় ওপেনার, সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস বদলে দিলেন কেএল রাহুল

অভিযোগ, ইস্টবেঙ্গল জয় হাসিল করতেই মাঠের মধ্যেই তর্কাতর্কি শুরু হয় দু’দলের ফুটবলারদের। শেষে একেবারে মারমুখি হয়ে যান আইজলের কয়েকজন ফুটবলার। হয় ধাক্কাধাক্কিও। চটে যান ইস্টবেঙ্গলের কয়েকজন প্লেয়ারও। তাতে শেষ পর্যন্ত সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলে আক্রান্ত হয়েছেন ইস্টবেঙ্গলের বেশ কয়েকজন খেলোয়াড়। বিশেষ করে বাঙালি ফুটবলার অঙ্কন ভট্টাচার্যকে মারধর করার অভিযোগ উঠেছে আইজলের প্লেয়ারদের বিরুদ্ধে। সংঘর্ষের ওই ঘটনায় মুখে এবং হাতে চোট পেয়েছেন বাঙালি ফুটবলার। এদিকে এই গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই ছি ছি রব উঠেছে ভারতীয় ফুটবল মহলে!

google button