প্রীতি পোদ্দার, কলকাতা: দেশের প্রতি টান ছিল মারাত্মক, মায়ের প্রতিও ছিল অসম্ভব ভক্তি। তাইতো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই মাকে ফোন করে বেরোতেন প্রাতঃভ্রমণে। বৃহস্পতিবারও সেই চেনা রুটিনের ব্যতিক্রম হয়নি, কিন্তু ওইদিনই যে মায়ের সঙ্গে শেষবার কথা বলবেন তিনি তা কেউ ভাবতেই পারেনি। শুক্রবার কফিনবন্দি হয়ে নদিয়ার (Nadia) গ্রামে ফিরলেন বীর BSF জওয়ান অরুণাভ মুখোপাধ্যায় (BSF Jawan Died)। আর সেই দৃশ্য দেখে রীতিমতো কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রামবাসী।
প্রাতঃভ্রমণে বেরিয়ে অসুস্থ
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গত বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন BSF জওয়ান অরুণাভ মুখোপাধ্যায়। সঙ্গে সঙ্গে আশেপাশের সহকর্মীরা তাঁকে জম্মুর একটি হাসপাতালে নিয়ে যায় কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারকে সেই খবর জানানো হলে কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ বাবা-মা, স্ত্রী এবং সন্তান। গতকাল, ওই বীর জওয়ানের দেহ কৃষ্ণগঞ্জের গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছিল। জাতীয় পতাকায় মোড়া কফিন বন্দি দেহকে ঘিরে শোক প্রকাশ করেন স্থানীয়রা।
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য
জম্মুতে বিএসএফের ১৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ান হিসাবে কর্মরত ছিলেন অরুণাভ মুখোপাধ্যায়। মধ্য আফ্রিকার কঙ্গোয় রাষ্ট্রসঙ্ঘের মিশনে দায়িত্ব পালনকালে জঙ্গি হামলা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। কিন্তু আচমকাই তাঁর এই মৃত্যু মেনে নিতে পারছে না কেউই। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মাকে ফোন করার অভ্যাস ছিল অরুণাভর। এমনকি বৃহস্পতিবারও মাকে ফোন করে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি, কিন্তু আর ফেরা হল না তাঁর। এদিন শিবনিবাস মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর।
আরও পড়ুন: আবাসের টাকা নিয়েও শুরু করেননি বাড়ির কাজ! মুর্শিদাবাদে গ্রেফতার ৩, ফেরাতে হবে অর্থ
রাষ্ট্রসঙ্ঘের পুরস্কার জয়ী বীর জওয়ান অরুণাভকে শেষ শ্রদ্ধা জানাতে আত্মীয় থেকে গ্রামবাসী ও পাশের গ্রামের বাসিন্দারা উপস্থিত ছিলেন শিবনিবাস মহাশ্মশানে। তাঁর কফিনের উপর রাখা জাতীয় পতাকাটি বাহিনীর পক্ষ থেকে তাঁর আট বছরের ছেলের হাতে তুলে দেওয়া হয়। মৃত জওয়ানের বাল্যবন্ধু সোমনাথ ঘোষ বলেন, “আমাদের এলাকায় ওঁর দ্বারা উপকৃত হননি, এমন মানুষের সংখ্যা খুবই কম। তাঁর এই অকালপ্রয়াণে ক্ষতিগ্রস্ত হল এলাকার যুবসমাজ।” অন্যদিকে অরুণাভের কাকা জয়ন্ত মুখোপাধ্যায় বলেন, “দেশের প্রতি টান ছিল মারাত্মক। ওঁর এভাবে চলে যাওয়াটা আমরা মেনে নিতে পারছি না।”


