IIT খড়গপুরে নতুন ৭৫ টাকার কয়েন উন্মোচন করলেন প্রধানমন্ত্রী, বাজারে আসবে এই মুদ্রা?

Published:

75 coin (1)

আনিষা চৌধুরী, কলকাতা: সাধারণ বাজারে লেনদেনের ক্ষেত্রে ১, ২, ৫, ১০ এবং ২০ টাকার কয়েনের ব্যবহার রয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রচলিত মুদ্রার মধ্যে সর্বোচ্চ মূল্যমান ২০ টাকা। এরই মধ্যে এবার ৭৫ টাকার বিশেষ স্মারক মুদ্রা উন্মোচন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শনিবার, ২১ নভেম্বর আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানের প্ল্যাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে এই মুদ্রাটি প্রকাশ করেন তিনি।

কী উদ্দেশ্যে প্রকাশ করা হল এই মুদ্রা?

১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল আইআইটি খড়গপুর। এটি দেশের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। প্রযুক্তিগত শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনের ক্ষেত্রে দীর্ঘ ৭৫ বছরের অবদানকে স্মরণীয় করে রাখতেই এই বিশেষ স্মারক মুদ্রা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের প্ল্যাটিনাম জয়ন্তী উদ্‌যাপনের অংশ হিসেবেই এই মুদ্রা প্রকাশ করা হয়েছে।

মুদ্রাটির বিশেষত্ব হল, এটি ৯৯.৯ শতাংশ বিশুদ্ধ রুপো দিয়ে তৈরি। এর নির্ধারিত ওজন ৪০ গ্রাম এবং ব্যাস ৪৪ মিলিমিটার। মুদ্রাটির প্রান্তে রয়েছে ২০০টি খাঁজ। অর্থাৎ, সাধারণ লেনদেনে ব্যবহৃত কয়েনের তুলনায় এটি অনেকটাই আলাদা। এর নকশা ও ধাতব গঠনেও বিশেষত্ব রয়েছে।

মুদ্রার একদিকে রয়েছে অশোক স্তম্ভের সিংহশীর্ষ। তার নীচে লেখা রয়েছে ‘সত্যমেব জয়তে’। একদিকে দেবনাগরী লিপিতে ‘ভারত’ এবং অন্যদিকে ইংরেজিতে ‘INDIA’ লেখা রয়েছে। পাশাপাশি রয়েছে রুপির প্রতীক এবং ৭৫ সংখ্যাটি। অন্যদিকে মুদ্রার পিছনে রয়েছে আইআইটি খড়গপুরের প্ল্যাটিনাম জয়ন্তী উদ্‌যাপনের বিশেষ লোগো। সেখানে হিন্দি ও ইংরেজিতে প্রতিষ্ঠানের নামের পাশাপাশি ‘প্ল্যাটিনাম জয়ন্তী’ কথাটিও উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরে শুধু স্মারক মুদ্রা প্রকাশই নয়, আইআইটি খড়গপুরের ৭৫ জন কৃতী পড়ুয়ার সঙ্গেও মতবিনিময় করেন তিনি। ‘৭৫ ভয়েসেস ফর বিকশিত ভারত’ উদ্যোগের অধীনে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রতিষ্ঠানের পড়ুয়াদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প এবং চিকিৎসা প্রযুক্তি সংক্রান্ত গবেষণাও ঘুরে দেখেন তিনি।

আরও পড়ুন: বাংলাদেশে পোড়ানো হল শয়ে শয়ে হিন্দু বাড়ি! ছাড় পেলেন না মন্ত্রীও, এবার টার্গেট কে?

তবে এই মুদ্রা প্রকাশের পর অনেকের মনেই প্রশ্ন উঠছে, সাধারণ বাজারে কি ৭৫ টাকার কয়েন দিয়ে কেনাকাটা করা যাবে? আসলে এটি কোনও সাধারণ প্রচলিত মুদ্রা নয়, বরং বিশেষ উপলক্ষকে স্মরণীয় করে রাখার জন্য তৈরি একটি স্মারক মুদ্রা। ফলে ৭৫ টাকা মূল্যমান লেখা থাকলেও সেটি সাধারণ খুচরো লেনদেনের জন্য বাজারে ছাড়া হবে না।

google button