সৌভিক মুখার্জী, কলকাতা: আপাতত স্বস্তি নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের (Sumit Roy)। আদালতে বিপাকে পড়লেন তিনি। সম্প্রতি রক্ষাকবচের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেকের আপ্তসহায়ক। তবে শনিবার সেই আবেদন খারিজ করে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এমনিতেই জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন তিনি। অন্যদিকে আরও একটি মামলায় হয়েছেন শোন অ্যারেস্ট। ফলে এখনই জেল মুক্তি পাচ্ছেন না সুমিত।
সুমিত রায়ের রক্ষাকবচের আবেদন খারিজ
নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর শালবনিতে সরকারি জমি দুর্নীতি এবং ডেবরায় চাকরি দুর্নীতির মামলায় নাম জড়িয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের। চাকরি দুর্নীতি মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচ পেলেও জমে দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করে পুলিশ। এদিকে তারপর আরও বেশ কয়েকটি মামলায় নাম জড়িয়েছে তাঁর। ডায়মন্ড হারবারে পার্টি অফিস থেকে টাকা উদ্ধারের ঘটনাতেও সুমিত রায় জড়িত বলে দাবি রাজ্য সরকারের।
তবে এদিন সুমিতের পক্ষ থেকে আদালতে জানানো হয় যে তাঁকে একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। অন্য মামলাগুলিতেও করা হয়েছে শোন অ্যারেস্ট। তবে সেই মামলাগুলির জন্যই যাতে অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়া হয়, সেই ব্যবস্থা করুক আদালত। সুমিতের আইনজীবী জানিয়েছেন, নতুন মামলায় গ্রেফতার দেখানোর আগেই অনুমতি নেওয়া হোক হাইকোর্টের। তবে সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ফলে আপাতত বিপদ কাটল না সুমিত রায়ের।
আরও পড়ুন: IIT খড়গপুরে নতুন ৭৫ টাকার কয়েন উন্মোচন করলেন প্রধানমন্ত্রী, বাজারে আসবে এই মুদ্রা?
এদিকে রাজ্যের তরফ থেকে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার সওয়াল করেন, ১০ সেপ্টেম্বর শীর্ষ আদালতের তরফ থেকে শোন অ্যারেস্টের রক্ষাকবচের আর্জি খারিজ করে দেওয়া হয়। তারপরই তাঁকে শোন অ্যারেস্ট করা হয়েছে। সর্বোচ্চ আদালতের তরফ থেকে সুমিতকে রক্ষাকবচ না দেয়ারই নির্দেশ দেওয়া হয়। তবে দুই পক্ষের সওয়াল-জবাব শেষে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, রক্ষাকবচ চেয়ে এখন আর কোনও লাভ নেই। কারণ, ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন অভিযুক্ত। এই প্রসঙ্গে আর অন্তর্বর্তী কোনও নির্দেশ দেওয়া হবে না।


