‘আমরা আবার ফিরে আসবো’ ভারতে এসেই বললেন পাকিস্তানের মন্ত্রী

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দুই দেশের মধ্যে দীর্ঘ টানাপোড়েনের মাঝেই ভারতে (India) এসে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে বার্তা দিলেন পাক জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সমন্বয়মন্ত্রী মুসাদিক মাসুদ মালিক। দিল্লিতে আয়োজিত প্রথম SCO সিভিলাইজেশনাল ডায়লগ ফোরামে যোগ দিতে এসেছেন তিনি। সেখানেই দুই দেশের মধ্যে ভবিষ্যতে যাতায়াত এবং যোগাযোগ আরও বাড়বে বলেই আশা প্রকাশ করলেন পাকিস্তানের (Pakistan) ওই মন্ত্রী। তিনি একেবারে খোলাখুলি জানালেন, ভারত আর অভিযোগ জানাতে পারবে না, তাঁরা আবার এখানে আসবেন!

ভারতের সাথে সম্পর্কে রাস্তা খুলছে পাকিস্তানের?

ভারত সফরে আসার পর সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন পাক মন্ত্রী মুসাদিক মালিক। পশ্চিমের দেশের মন্ত্রী একেবারে স্পষ্ট করে জানান, “আশা করি, এবার আর আপনারা অভিযোগ করতে পারবেন না। আমাদের যাতায়াত চলতে থাকবে। আমরা আবার ফিরে আসবো।” পাকিস্তানের প্রতিনিধি হিসেবে ভারতে আসা ওই মন্ত্রীর এমন মন্তব্য ঘিরেই উঠতে শুরু করেছে নানান প্রশ্ন। তাহলে কি ভারত এবং পাকিস্তানের সম্পর্কের বরফ গলছে?

SCO মঞ্চে দাঁড়িয়ে পাকিস্তানের মন্ত্রী জোড় দিয়েছেন পারস্পরিক বোঝাপড়া এবং আলোচনার উপর। তাঁর বক্তব্য, কোনও দেশ যদি বারবার শুধুমাত্র নিজেদের দৃষ্টিভঙ্গি থেকেই অন্যদের বিচার করে, তাহলে অর্থপূর্ণ আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। অবশ্যই একে অপরের মতামত এবং দৃষ্টিভঙ্গি বোঝার মাধ্যমেই আঞ্চলিক শক্তি এবং উন্নতির পথ তৈরি হবে। পাকিস্তানের মন্ত্রী মুসাদিক মাসুদ নিজের বক্তব্যের মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে সব কিছু মিটিয়ে নেওয়ার ইঙ্গিত দিলেও সন্ত্রাসবাদ নিয়ে প্রশ্ন উঠতেই সেদিকে যেতে চাননি তিনি।

পাকিস্তানের ওই মন্ত্রী এও বলেন, এই ফোরাম একটি বহুপাক্ষিক মঞ্চ। সন্ত্রাসবাদের মতো সমস্যায় দুই পক্ষের প্রমাণ সামনে আনা দরকার এবং একটি স্বচ্ছ ব্যবস্থা তৈরি করা দরকার। সবটা সকলের সামনে আনা উচিত। একই সাথে এদিন ইরান, মধ্য এশিয়া, আফগানিস্তান সহ গোটা অঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতার বিষয়েও আলোচনার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন ওই পাকমন্ত্রী।

 

আরও পড়ুন: বাংলাদেশে পোড়ানো হল শয়ে শয়ে হিন্দু বাড়ি! ছাড় পেলেন না মন্ত্রীও, এবার টার্গেট কে?

এদিকে ভারতের বিদেশ মন্ত্রক একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, পাকিস্তানের মন্ত্রীর এই সফর আলাদা করে কোনও ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক উদ্যোগ নয়। SCO এর সদস্য দেশগুলির জন্যই এই অনুষ্ঠান। ফলে সেখানে প্রত্যেককে আমন্ত্রণ জানানো ভারতের দায়িত্ব। যেখানে ভারত এই অনুষ্ঠানের আয়োজক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পাকিস্তানের মন্ত্রী ভারত সফর করলেও এতে সিন্ধু জল বন্টন চুক্তি নিয়ে নয়া দিল্লির অবস্থান বদল হবে না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়!

google button