আনিষা চৌধুরী, কলকাতা: আমাদের সমাজে এমন বেশ কিছু সামাজিক ব্যাধি রয়েছে, যা সমাজের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। সমাজকে ক্রমশ অবনতির দিকে ঠেলে দিচ্ছে। তার মধ্যে অন্যতম হল বাল্যবিবাহ। আইন অনুযায়ী, ১৮ বছরের কম বয়সি মেয়ের এবং ২১ বছরের কম বয়সি ছেলের বিয়ে বাল্যবিবাহের আওতায় পড়ে। এই প্রথা বন্ধ করতে একাধিক উদ্যোগ নেওয়া হলেও এখনও তা সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হয়নি। সেই লক্ষ্যেই ‘বাল বিবাহ মুক্ত ভারত’ (Bal Vivah Mukt Bharat) অভিযানে রাজ্যের সমস্ত স্কুলকে একত্রিত হওয়ার নির্দেশ দিয়েছে উত্তর 24 পরগনা জেলা বিদ্যালয় পরিষদের দফতর। এই কর্মসূচির মাধ্যমে বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের অধিকার সুরক্ষিত করার উপর জোর দেওয়া হচ্ছে।
কী কী উদ্যোগ নিয়েছে রাজ্য?
বাল্যবিবাহ রুখতে এর আগেও বিভিন্ন সময়ে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্পের পাশাপাশি স্কুল, কলেজ, পঞ্চায়েত এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমেও সচেতনতা তৈরির চেষ্টা হয়েছে। এমনকি বাল্যবিবাহ বন্ধে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে শপথ গ্রহণ এবং প্রচার কর্মসূচিও চালানো হয়েছে। তবে এত উদ্যোগের পরেও সমস্যাটি পুরোপুরি দূর হয়নি। এখনও বিভিন্ন এলাকায় আড়ালে বাল্যবিবাহের ঘটনা ঘটে। তাই এবার স্কুলস্তর থেকেই এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে নতুন করে উদ্যোগী হল প্রশাসন।
জানা গিয়েছে, ২০২৬ সালের ২১ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে চলবে ‘বাল বিবাহ মুক্ত ভারত’ সচেতনতা অভিযান। সেই কর্মসূচির অংশ হিসেবেই উত্তর ২৪ পরগনা জেলার স্কুলগুলিকে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে জেলা বিদ্যালয় পরিদর্শকের (মাধ্যমিক) দফতর। জেলার সমস্ত জুনিয়র হাই স্কুল, হাই স্কুল এবং উচ্চ মাধ্যমিক স্কুলকে এই অভিযানে শামিল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২০ নভেম্বর জারি করা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রয়োজনীয় সচেতনতামূলক কর্মসূচি পালনের কথা বলা হয়েছে। অর্থাৎ, শুধু প্রশাসনিক স্তরে নয়, পড়ুয়াদের মধ্যেও এই বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর আন্তর্জাতিক বাল্যবিবাহ, শিশুবিবাহ ও জোরপূর্বক বিবাহ নির্মূলকরণ দিবস উপলক্ষে স্কুলগুলিতে বিশেষ কর্মসূচি পালন করতে হবে। এই সংক্রান্ত নির্দেশিকার প্রতিলিপি সমস্ত স্কুলের প্রধান শিক্ষক এবং টিচার-ইন-চার্জদের কাছে পাঠানো হয়েছে। রাজ্যের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের ৩ নভেম্বরের নির্দেশের ভিত্তিতেই এই পদক্ষেপ। পড়ুয়াদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করার পাশাপাশি শিশুদের অধিকার, সুরক্ষা এবং এই প্রথা প্রতিরোধের প্রয়োজনীয়তা তুলে ধরতে বলা হয়েছে। একই সঙ্গে স্কুলগুলিতে নির্ধারিত কর্মসূচি যথাযথভাবে পালিত হচ্ছে কি না, সেদিকেও নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: IIT খড়গপুরে নতুন ৭৫ টাকার কয়েন উন্মোচন করলেন প্রধানমন্ত্রী, বাজারে আসবে এই মুদ্রা?
উল্লেখ্য, ভারতে বাল্যবিবাহ প্রতিরোধে ২০০৬ সালের ‘Prohibition of Child Marriage Act’ বা বাল্যবিবাহ নিষেধ আইন কার্যকর রয়েছে। এই আইনে বাল্যবিবাহে অংশ নেওয়া প্রাপ্তবয়স্ক পুরুষের সর্বোচ্চ দু’বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড অথবা এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা কিংবা দু’টিই হতে পারে। শুধু তাই নয়, বাল্যবিবাহ সম্পন্ন করানো, আয়োজন করা বা তাতে মদত দেওয়ার ক্ষেত্রেও একই ধরনের শাস্তির বিধান রয়েছে। অভিভাবক বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও বাল্যবিবাহে মদত দিলে আইনের আওতায় আসতে পারেন। এই পরিস্থিতিতে স্কুলস্তর থেকে সচেতনতা বৃদ্ধির এই নতুন পদক্ষেপ সমাজকে বাল্যবিবাহমুক্ত করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আরও বেশি সচেতনতা তৈরি করবে বলেই আশা করা হচ্ছে।


