বিধায়ক যখন সাফাইকর্মী! কোদাল হাতে নিজেই নিকাশি নালা সাফ করলেন প্রসেনজিৎ বাগ

Published:

Prosenjit Bag

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্ষায় জল জমার সমস্যা থেকে শুরু করে নিকাশি ব্যবস্থার নানা জটিলতা দূর করতে এলাকায় শুরু হয়েছে কাজ। এবার সেই কাজে স্থানীয়দের সাহায্যার্থে ময়দানে নামলেন বিজেপি বিধায়ক প্রসেনজিৎ বাগ (Prosenjit Bag)। এলাকার জল নিকাশি ব্যবস্থাকে উন্নত করতে নিজের হাতে জঞ্জাল সাফাই করতে নামলেন তিনি (Prosenjit Bag drainage cleaning)। ইতিমধ্যেই সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই প্রশংসার বন্যা বয়ে যায়।

জঞ্জাল সাফাইয়ে নিজেই নামলেন বিধায়ক

রাজ্যে সরকারি গদি পরিবর্তনের পর থেকেই একের পর এক প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যমাত্রা নিয়ে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ক্ষেত্রে একাধিক বদল নজর কেড়েছে সাধারণের। এমনকি রাজ্যের একাধিক জায়গায় নিকাশি ব্যবস্থার উন্নয়নের লক্ষ্য নিয়ে দফায় দফায় চলছে কাজ। আর এবার সেই কাজে নিজে হাত লাগালেন বিজেপি বিধায়ক প্রসেনজিৎ বাগ। হুগলি জেলার জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের জেরে গাছ ভেঙে পড়ায় জল আটকে যাচ্ছে। তাই এলাকার নিকাশি ব্যবস্থাকে উন্নত করতে উদ্যোগী হলেন খোদ বিধায়ক। ইতিমধ্যেই সেই মুহূর্তের ছবি ও ভিডিও নিজেই সকলের সঙ্গে ভাগ করে নিলেন বিধায়ক।

প্রকল্পের কাজ নিয়ে পোস্ট বিধায়কের

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ, শুক্রবার, বিধায়ক প্রসেনজিৎ বাগ তাঁর নিজস্ব প্রোফাইল থেকে নিকাশি নালা পরিষ্কার করার কিছু ভিডিও ও ছবি পোস্টও করেছেন। ক্যাপশনে তিনি লিখেছিলেন যে, “আজ নিজের বুথে জল নিকাশি প্রকল্পের কাজে সামান্য হাত লাগালাম। রাজনীতি শুধু বক্তব্যে নয়, মানুষের পাশে থেকে কাজের মধ্য দিয়েই প্রকৃত দায়িত্ব পালন করতে হয়। নিজের বুথ, নিজের এলাকা এবং সাধারণ মানুষের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। কাজই হোক পরিচয়, উন্নয়নই হোক অঙ্গীকার।” তাঁর এই উদ্যোগে এলাকার মানুষও এগিয়ে এসেছিলেন। শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে সাধারণ মানুষের অংশগ্রহণও যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বার্তাই তিনি এদিন কর্মসূচির মাধ্যমে তুলে ধরেছেন।

আরও পড়ুন: চুরি করা সোনা গলিয়ে বিক্রিতে সাহায্য, শিলিগুড়িতে গ্রেফতার বিজেপি যুব মোর্চা নেতা

কিছুদিন আগে, জাঙ্গিপাড়া বিধানসভার অন্তর্গত দিলাকাশ গ্রাম পঞ্চায়েতের গাবতলা এলাকায় আয়োজন করা হয়েছিল ‘প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন ২০২৬’। সেই অনুষ্ঠানে তিনি প্রাণী সম্পদ বিকাশের গুরুত্ব, পশুপালন ও গবাদি পশুর পরিচর্যা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং পশুপালকদের সরকারি বিভিন্ন প্রকল্প ও পরিষেবা সম্পর্কে অবহিত করার বার্তা দিয়েছিলেন। এখন দেখার এই নিকাশি ব্যবস্থার উন্নয়ন ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ কতটা কার্যকর হয়।

google button