দিনে প্রেমিক, রাতে থাকবেন স্বামী! অদ্ভুত প্রস্তাব দুই সন্তানের মায়ের, শুনে ‘থ’ পুলিশও

Published:

uttarpradesh

আনিষা চৌধুরী, কলকাতা: প্রেম-ভালোবাসা মানুষকে কখনও কখনও এমন কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য করে, যা অবাক করে দেয় গোটা সমাজকে। এই প্রেম-ভালোবাসার টানেই কত অদ্ভুত ঘটনা সামনে আসে। এবার তেমনই এক চমকপ্রদ ঘটনা প্রকাশ্যে এল উত্তরপ্রদেশের (Uttarpradesh) সীতাপুরে (Sitapur)। দুই সন্তানের মা একই বাড়িতে স্বামী ও প্রেমিককে নিয়ে সংসার করতে চান। আর সেই ব্যবস্থা কীভাবে চলবে, তার জন্য নিজেই তৈরি করেছেন ডিউটি রোস্টার!

কী দাবি এই গৃহবধূর?

ঘটনাটি সীতাপুরের মাহমুদাবাদ এলাকার। জানা গিয়েছে, ওই গৃহবধূর সঙ্গে অন্য এক যুবকের ঘনিষ্ঠতা তৈরি হয়। ধীরে ধীরে সেই সম্পর্ক প্রেমে পরিণত হয় বলে অভিযোগ। মহিলার দাবি, গত ২১ মার্চ তাঁরা একটি মন্দিরে গিয়ে বিয়ে করেন। বিষয়টি জানাজানি হতেই পরিবারের মধ্যে অশান্তি শুরু হয়। এমনকি, মেয়ের এই সিদ্ধান্তের কারণে তাঁর বাপের বাড়ির সদস্যরাও সম্পর্ক ছিন্ন করেছেন বলে খবর।

তবে এই ঘটনার সবচেয়ে আশ্চর্যজনক দিক হল, মহিলার স্বামীর নাকি এই সম্পর্ক নিয়ে আপত্তি নেই। স্ত্রীকে ছেড়ে দিতে চান না তিনি, আবার তাঁর প্রেমিকের উপস্থিতিও মেনে নিতে রাজি। এমনকি, প্রয়োজনে বাড়ি ছেড়ে চলে যেতেও তাঁর আপত্তি নেই বলে জানা গিয়েছে। অন্যদিকে, স্ত্রীও স্বামী কিংবা প্রেমিক, কাউকেই ছাড়তে চান না। ওই প্রেমিক আগে থেকেই স্বামীর বাড়িতে যাতায়াত করতেন। স্বামী তাঁকে নিজের ভাই বলেও পরিচয় দিতেন বলে জানা গিয়েছে।

পরিস্থিতি সামলাতে এবার নিজেই একটি উপায় বের করেছেন ওই মহিলা। তাঁর তৈরি ডিউটি রোস্টার অনুযায়ী, দিনের বেলায় প্রেমিক তাঁর ও সন্তানদের সঙ্গে থাকবেন। আর রাতে তাঁর সঙ্গে থাকবেন স্বামী। এই প্রস্তাব নিয়েই স্বামী, প্রেমিক ও সন্তানদের নিয়ে থানায় হাজির হন গৃহবধূ। পুলিশকেও নিজের পরিকল্পনার কথা জানান। তিনজনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করেন আধিকারিকরা। তবে শ্বশুরবাড়ির অন্য সদস্যরা এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন। মহিলা অবশ্য নিজের অবস্থান থেকে সরতে নারাজ।

আরও পড়ুন: ২১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের স্কুলে স্কুলে অভিযান! নির্দেশিকা জারি শিক্ষা দফতরের

এর আগেও দেশের বিভিন্ন প্রান্তে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ভয়াবহ পারিবারিক বিবাদের ঘটনা সামনে এসেছে। কোথাও পরকীয়া সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে, আবার কোথাও প্রেমিককে নিয়ে সংসার করার সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে জটিলতা। এখন প্রশ্ন হচ্ছে স্ত্রীকে ভালোবেসে? নাকি স্ত্রী এবং তার প্রেমিকের হাতে প্রাণহানি হতে পারে সেই ভয়ে একসঙ্গে থাকতে রাজি হয়েছেন স্বামী?

google button