সৌভিক মুখার্জী, কলকাতা: কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণা, শিক্ষা এবং প্রযুক্তিগত উন্নয়নে সহায়তা করতে এবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরকে মোট ৫ মিলিয়ন ডলার অনুমোদন দেওয়ার ঘোষণা করল গুগল (Google), যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪৬.৩৪ কোটি রুপি। দেশের প্রযুক্তি এবং গবেষণা খাতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আর এর লক্ষ্য হবে পরবর্তী প্রজন্মের এআই মেধা তৈরি এবং গবেষণার পরিসর আরও বিস্তৃত করা।
আইআইটি খড়গপুরে ৫ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা
গুগলের এই তহবিল মূলত এমন কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এআই-র ব্যবহার এবং গবেষণা বাড়াতে কাজে লাগানো হবে, যা দেশের সমাজ এবং অর্থনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথমত, বিভিন্ন ভারতীয় ভাষার প্রযুক্তির সহজলভ্যতা এবং এআই সমাধান উন্নত করা হবে। দ্বিতীয়ত, কৃষি ক্ষেত্রে উৎপাদনশীলতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে এআই-ভিত্তিক উদ্ভাবন তৈরি করা হবে। তৃতীয়ত, শিক্ষা ব্যবস্থায় এআই-র কার্যকর প্রয়োগ আর আধুনিক শেখার পরিবেশ তৈরি করা হবে এবং নতুন উপাদান ও প্রযুক্তিগত গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হবে।
এর পাশাপাশি এই অনুদান আইআইটি খড়গপুরের শিক্ষার্থী ও শিক্ষকদের এই বিষয়ে প্রশিক্ষণে সহায়তা করবে এবং প্রতিষ্ঠানের প্রযুক্তিগত অবকাঠামোকে আরও শক্তিশালী করবে বলেই খবর। আইআইটি খড়গপুরের প্রাক্তন ছাত্র এবং গুগল-র সিইও সুন্দর পিচাই এই অংশীদারিত্ব নিয়ে আবেগঘন অনুভূতি ভাগ করে নিয়েছেন। তিনি বলেছেন, “আইআইটি খড়গপুর ইন্ডিক ভাষা, কৃষি এবং শিক্ষার মতো ক্ষেত্রে যুগান্তকারী কাজ করছে এবং একটি নতুন অংশীদারিত্বের মাধ্যমে এই প্রভাবকে আরও ত্বরান্বিত করতে পেরে গুগল অত্যন্ত আনন্দিত।”
আরও পড়ুন: বিধায়ক যখন সাফাইকর্মী! কোদাল হাতে নিজেই নিকাশি নালা সাফ করলেন প্রসেনজিৎ বাগ
পাশাপাশি নিজের শিক্ষা প্রতিষ্ঠানে কাটানো সময়ের কথা স্মরণ করিয়ে সুন্দর পিচাই আরও লিখেছেন, “এই সহযোগিতায় আগামী প্রজন্মের শিক্ষার্থীদের পথ তৈরি করতে দেখার অপেক্ষায় আছি। ঠিক যেভাবে আইআইটি খড়গপুর আমার নিজের পথ তৈরি করেছিল। ভারত ক্রমশ উদ্ভাবনের অগ্রভাগে এগিয়ে চলেছে। আর এই ধরনের কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করবে, যাতে এআই-র সুফল ভারতে সবার কাছে পৌঁছয়।”


