বিক্রম ব্যানার্জী, কলকাতা: 50 শতাংশ শারীরিক প্রতিবন্ধী, পরিবারে আর্থিক অনটন সত্বেও লড়াই করে গিয়েছিলেন বাংলার মেয়ে অন্বেষা দাস। পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয়দের নানান কটাক্ষ সহ্য করেও নিজের লক্ষ্যে অবিচল থেকে শেষ পর্যন্ত সাফল্যের সিঁড়িতে পা রাখলেন অন্বেষা। জাতীয় প্যারা সুইমিং (Swimming) চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা এবং একটি ব্রোঞ্জ জিতে নজির গড়ে রাখলেন হুগলির (Hooghly) জিরাট তিনচর গ্রামের তরুণী। প্রমাণ করে দিলেন, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থেকেও ইতিহাস লেখা যায়।
জাতীয় স্তরে নজরকাড়া সাফল্য অন্বেষার
জন্মের পর থেকেই নানান সমস্যা নিয়ে বেড়ে উঠেছিলেন অন্বেষা। মেয়ে 50 শতাংশ শারীরিক প্রতিবন্ধী জেনেও তাঁকে লড়াই করার সাহস যুগিয়ে গিয়েছিলেন বাবা-মা। হুগলির জিরাট তিনচর গ্রামে বড় হয়ে ওঠা অন্বেষার। ছোট থেকেই সাঁতারের নেশা ছিল তাঁর। সেটাই এবার বাংলার মেয়েকে সাফল্য পাইয়ে দিলো। মধ্যপ্রদেশের ভোপালে 12 থেকে 15 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়ে যাওয়া 26তম জাতীয় প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন অন্বেষা।
জানা যায়, এই প্রতিযোগিতায় সিনিয়র বিভাগে অংশ নেন তিনি। 100 মিটার বেস্টস্ট্রোকে সাত প্রতিযোগীর মধ্যে প্রথম হয়ে সোনা জেতেন তিনি। প্রথম সাফল্যের পর 200 মিটার মিডলেতে চারজনের মধ্যে সেরা হয়ে আরও একটি সোনা ঝুলিতে পোড়েন সুইমার অন্বেষা। এখানেই শেষ নয়, ওই একই প্রতিযোগিতার 100 মিটারের বাটারফ্লাইয়ে পাঁচজন প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়ে ব্রোঞ্জের পদকও ঘরে তোলেন বঙ্গ কন্যা।
জাতীয় স্তরে অবশ্য এটাই অন্বেষার প্রথম সাফল্য নয়। এর আগে 2024 সালে গোয়ায় জুনিয়র বিভাগে তিনটি সোনা এবং একটি রূপো জিতেছিলেন তিনি। ঠিক পরের বছর তেলেঙ্গানায় জাতীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে আরও একটি সোনা এবং তিনটি রুপো জেতেন তিনি। এবার একেবারে সিনিয়র বিভাগে অংশ নিয়ে সফলতা হাঁসিল করলেন বাংলার দ্বাদশ শ্রেণীর ছাত্রী।
আরও পড়ুন: মাঠে ফিরতেই ধোনি, গিলক্রিস্টের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ
না বললেই নয়, মাত্র 10 বছর বয়সে বাবা অমিয় দাস এবং মা যমুনা দেবীর হাত ধরেই সাঁতারে হাতেখড়ি হয়েছিল অন্বেষার। বিগত দু’বছর ধরে কালনা পুরসভার সুইমিং পুলে কোচ নুরুল ইসলামের কাছে অন্তত সপ্তাহে চার দিন তিন ঘন্টা করে অনুশীলন করতেন তিনি। পরিবারের আর্থিক সমস্যার কারণে সাঁতারের দামি দামি সব সরঞ্জাম কিনতে পারেননি অন্বেষা। কিন্তু তার মধ্যেও হার মানেননি তিনি। এও জানা গিয়েছে, মধ্যপ্রদেশে মেয়েকে জাতীয় স্তরের প্রতিযোগিতায় পাঠানোর জন্য পরিচিতদের কাছ থেকে টাকা ধারও করতে হয়েছিল বাবা অমিয়কে। কাজেই সমস্ত প্রতিকূলতার মধ্যেও লড়াই করে পরিবারের আশার আলো হয়ে ফুটে উঠলেন অন্বেষা।


