WBSEDCL-র সাথে ২৫ বছরের চুক্তি আদানির, বাংলায় কমবে বিদ্যুতের বিল?

Published:

Renewable Power (1)

আনিষা চৌধুরী, কলকাতা: পশ্চিমবঙ্গের (West Bengal) উন্নয়ন এবং পরিকাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে বিদ্যুৎ (Electricity) পরিষেবার উন্নতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্প থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, সব ক্ষেত্রেই বিদ্যুৎ সরবরাহের প্রয়োজনীয়তা অপরিসীম। এবার রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পুনর্নবীকরণযোগ্য শক্তি সরবরাহের ক্ষেত্রে বড় পদক্ষেপ সামনে এসেছে। আদানি গোষ্ঠীর সঙ্গে দীর্ঘমেয়াদি বিদ্যুৎ সরবরাহের চুক্তি করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা।

কী উদ্যোগ নিয়েছে রাজ্য?

আদানি এনার্জি সলিউশনস লিমিটেডের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী সংস্থা পাওয়ারপালস ট্রেডিং সলিউশনস লিমিটেড (PTSL) এই বরাত পেয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা বা WBSEDCL-কে ১,৭৫০ মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ সরবরাহ করবে তারা। এই চুক্তির মেয়াদ ২৫ বছর। পাশাপাশি চুক্তিতে অতিরিক্ত ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের একটি বিকল্প রাখা হয়েছে। WBSEDCL পরবর্তীকালে সেই বিকল্প কার্যকর করলে মোট বিদ্যুৎ সরবরাহের পরিমাণ বেড়ে ২,৫০০ মেগাওয়াট হতে পারে।

প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে আদানির সহযোগী সংস্থাটি এই বরাত পেয়েছে। ই-রিভার্স অকশনে সফল দরদাতা হিসেবে উঠে এসেছে PTSL। সংস্থার ঘোষণা অনুযায়ী, প্রাথমিকভাবে বরাদ্দ হওয়া ১,৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার কথা ২০২৮ সালের ১ জুলাই থেকে। অন্যদিকে, অতিরিক্ত ৭৫০ মেগাওয়াটের বিকল্প কার্যকর হলে সেই বিদ্যুৎ সরবরাহ শুরু হবে ২০২৯ সালের ১ এপ্রিল থেকে।

এদিকে, বিদ্যুৎ সরবরাহের এই চুক্তির পাশাপাশি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নিয়েও নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে আদানি গোষ্ঠী। সংস্থার দাবি, তাদের সহযোগী সংস্থা PTSL ইতিমধ্যেই প্রায় ৪.৬ গিগাওয়াট সৌর ও বায়ুশক্তির ক্ষমতা এবং ৩.৫ গিগাওয়াট-ঘণ্টা ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের সক্ষমতা নিশ্চিত করেছে। শিল্প সংস্থা, ডেটা সেন্টার, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলির সঙ্গে দীর্ঘমেয়াদি বিদ্যুৎ সরবরাহের চুক্তি বাড়ানোর দিকে এগোচ্ছে তারা।

আরও পড়ুন: কলেজে ভর্তি হলেই মিলবে ৫০ হাজার টাকা, ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

এই উদ্যোগ কার্যকর হলে রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থায় পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বিশেষ করে সৌর ও বায়ুশক্তির মতো পরিবেশবান্ধব উৎস থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা গড়ে তোলা গেলে দীর্ঘমেয়াদে সাধারণ মানুষ, শিল্পক্ষেত্র এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি উপকৃত হবে। তবে এই চুক্তির ফলে সাধারণ গ্রাহকদের বিদ্যুতের বিল কমবে কি না, সে বিষয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি।

google button