বেআইনি সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগ, ঋতব্রতদের বিরুদ্ধে এবার থানায় শোভনদেব

Published:

Culcutta High Court

আনিষা চৌধুরী, কলকাতা: বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন ঋতব্রত ব্যানার্জি (Ritabrata Banerjee)। অন্যদিকে, মুখ্য সচেতকের দায়িত্বে রয়েছেন আখরুজ্জামান। হাই কোর্টের ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশের ভিত্তিতে তাঁরা এই দায়িত্ব পেয়েছিলেন। তবে সেই নির্দেশের মেয়াদ শেষ হয়েছে। অর্থাৎ বর্তমানে তাঁদের আর সেই ক্ষমতা ব্যবহার করার কোনও অধিকার নেই। তাও তাঁরা ওই পদেই রয়েছেন এবং নিয়মিত বেতনও নিচ্ছেন! এবার এই ঘটনাকে কেন্দ্র করেই দু’জনের বিরুদ্ধে বেআইনিভাবে সরকারি সুযোগ-সুবিধা ভোগ এবং বেতন নেওয়ার অভিযোগ তুললেন মমতা-তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক ও বিরোধী দলনেতা পদের দাবিদার শোভনদেব চ্যাটার্জি (Sovandeb Chatterjee)।

কী অভিযোগ জানালেন শোভনদেব?

এই অভিযোগ নিয়েই শনিবার বিকেলে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় পৌঁছন শোভনদেব। সেখানে গিয়ে তিনি অভিযোগ জানানোর চেষ্টা করেন। থানা থেকে বেরিয়ে নিজের বক্তব্যে তিনি বলেন, “হাই কোর্টের নির্দেশ অনুযায়ী অস্থায়ী বিরোধী দলনেতা ও মুখ্য সচেতকের মেয়াদ শেষ হয়েছে। কিন্তু তারপরও তাঁরা সুবিধা ও বেতন পাচ্ছেন। আমি মনে করি তা অপরাধ। পুলিশ অভিযোগ নেয়নি। আমি আমার মতো করে কথা বলব। আইনজীবীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।” অর্থাৎ, বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপের পথও খোলা রাখছেন তিনি।

তবে শোভনদেবের অভিযোগ গ্রহণ করেনি হেয়ার স্ট্রিট থানার পুলিশ। থানার তরফে তাঁকে জানানো হয়েছে, বিষয়টি বিধানসভার অধ্যক্ষের এক্তিয়ারভুক্ত। তাই এই বিষয়ে পুলিশ কোনও অভিযোগ গ্রহণ করবে না। অর্থাৎ, ঋতব্রত ও আখরুজ্জামানের পদ এবং সেই সংক্রান্ত সুযোগ-সুবিধা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বিধানসভার অধ্যক্ষের আওতাতেই পড়ে বলে তাঁকে জানানো হয়েছে। এরপর আইনজীবীর সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ করার কথা জানিয়েছেন শোভনদেব।

অন্যদিকে, এই ঘটনার পালটা জবাব দিয়েছেন ঋতব্রত শিবিরের মুখপাত্র ঋজু দত্ত। তিনি বলেন, “আইএনটিটিইউসিতে যুক্ত থাকার সময় শোভনবাবু কী কী করেছেন, সুবিধা পেয়েছেন, তা প্রকাশ্যে আনলে তাঁর মুখোশ খুলে যাবে।” পাশাপাশি তাঁর আরও কটাক্ষ, “শোভনবাবু কাচের ঘরে বসে ঢিল মারবেন না। আপনার কথা বললে যে স্বচ্ছ ভাবমূর্তি আছে তা ভেঙে চুরমার হয়ে যাবে।” অর্থাৎ, শোভনদেবের অভিযোগের জবাব দিতে গিয়ে তাঁর অতীত ভূমিকা এবং স্বচ্ছ ভাবমূর্তি নিয়েই পালটা প্রশ্ন তুলেছে ঋতব্রত শিবির।

আরও পড়ুন: ভারতকে চেপে ধরতে পাকিস্তানকে সব রকম সাহায্য করছে চিন! রিপোর্ট দিল আমেরিকা

উল্লেখ্য, ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আগেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শোভনদেব। সেই মামলায় ১৭ নভেম্বর বিধানসভার অধ্যক্ষকে ২০ নভেম্বরের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। এর পাশাপাশি, ঋতব্রত-সহ ১০ জন বিধায়কের সদস্যপদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টেও গিয়েছিলেন শোভনদেব। তবে ৫ নভেম্বর শীর্ষ আদালত তাঁকে এই বিষয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেয়।

google button