প্রীতি পোদ্দার, কলকাতা: শুক্রবার ঘূর্ণিঝড় আকভান (Cyclone Akvan) স্থলভাগে আছড়ে পড়ার পর রাতেই ক্রমশ শক্তি হারিয়ে ওড়িশার মধ্যভাগে নিম্নচাপে পরিণত হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব পুরোপুরি কাটতে এখনও ঢের দেরি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টির (Rain) পূর্বাভাস রয়েছে। এমতাবস্থায় আগামীকাল (Weather Tomorrow) থেকেই বৃষ্টির পরিমাণ কমার আশঙ্কা করছে হাওয়া অফিস।
শনিতেও দুর্যোগের ঘনঘটা
অকাল বর্ষণে রীতিমতো বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আজও রাজ্যের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির দাপট দেখা গিয়েছে। সকাল থেকেই মেঘলা আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টি হয়ে চলেছে বেশ কয়েক জায়গায়। এতে নামছে পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৭.২ ডিগ্রি সেলসিয়াস কম। উত্তরবঙ্গেও একাধিক জায়গায় বৃষ্টি হচ্ছে। তবে স্বস্তির খবর, আগামীকাল রবিবার থেকেই ধীরে ধীরে বদলাবে আবহাওয়ার মেজাজ, কমবে বৃষ্টিপাত। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাবে। বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে মুর্শিদাবাদ, মালদহ, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বৃষ্টির পরিমাণ ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। পাশাপাশি বেশ কয়েকটি জায়গায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে গত কয়েকদিনের তুলনায় বৃষ্টি কম হবে।
আরও পড়ুন: বিধায়ক যখন সাফাইকর্মী! কোদাল হাতে নিজেই নিকাশি নালা সাফ করলেন প্রসেনজিৎ বাগ
শীতের দাপট দক্ষিণবঙ্গে
বৃষ্টির মধ্যেই শীতের আমেজ বেশ অনুভূত হচ্ছে বিগত কয়েকদিন ধরে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী মঙ্গলবার থেকে গোটা রাজ্যেই শুষ্ক আবহাওয়া থাকবে। আর তারপরেই নামতে শুরু করবে তাপমাত্রার পারদ। আশা করা যাচ্ছে আগামী বুধবার থেকে কমবে সর্বনিম্ন তাপমাত্রা। ১৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে কলকাতার পারদ। অন্যদিকে ১৫ ডিগ্রির ঘরে নামতে পারে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা। এবার দেখে নেওয়া যাক কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উত্তরবঙ্গেও একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়ে চলেছে গত বৃহস্পতিবার থেকে। তবে এখনই সেই বৃষ্টির রেশ কাটবে না। আগামীকাল, রবিবারও উত্তরের বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবারও থাকবে উত্তরবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার থেকে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।


