৭ দশকের প্রাচীন জটিল গণিত সমস্যার সমাধান, ‘TIME100 Next India 2026’-র তালিকায় কলকাতার নীনা

Published:

Neena Gupta

আনিষা চৌধুরী, কলকাতা: গণিতের নাম শুনলেই অনেকের মনে ভেসে ওঠে একরাশ ভয়। বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি কিংবা জটিল সব সূত্রের হিসাব মেলাতে গিয়ে ছোটবেলার একটা বড় সময় অনেকেরই কেটেছে বিভীষিকার মধ্যে দিয়ে। কারও কাছে গণিত মানেই কঠিন সব সমীকরণ, কারও কাছে আবার পরীক্ষার খাতায় গোল্লা পাওয়ার আতঙ্ক। তবে এমন অনেকেই রয়েছেন, যাঁদের কাছে গণিত কোনও ভয়ের বিষয় নয়, বরং নতুন নতুন প্রশ্নের উত্তর খোঁজার এক অদ্ভুত আনন্দ। হাতে কলম উঠলেই যাঁদের পাতা ভরে যায় নানা সূত্র, হিসাব আর জটিল সমীকরণে। তেমনই একজন হলেন কলকাতার (Kolkata) গণিতবিদ (Mathematician) নীনা গুপ্তা (Neena Gupta)। গণিতের একটি গুরুত্বপূর্ণ সমস্যার প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে আন্তর্জাতিক গবেষণার দুনিয়ায় নিজের জায়গা করে নিয়েছেন তিনি।

অসাধ্য সাধন করেছেন কলকাতার মেয়ে নীনা

নীনা গুপ্তার গবেষণার বিষয় বীজগাণিতিক জ্যামিতি। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে Zariski Cancellation Problem-এর একটি গুরুত্বপূর্ণ সংস্করণ। ১৯৪৯ সালে গণিতবিদ অস্কার জারিস্কি এই সমস্যাটি উত্থাপন করেছিলেন। সেই প্রশ্নের উত্তর খুঁজতেই দীর্ঘদিন ধরে গবেষণা চলছিল। আসানুমার তৈরি একটি ত্রিমাত্রিক গাণিতিক কাঠামোকে উদাহরণ হিসেবে ব্যবহার করে তিনি বিষয়টি গণিতজ্ঞদের কাছে প্রমাণ করেন। তাঁর এই গবেষণা গণিতের জগতে বিশেষ গুরুত্ব অর্জন করে। এই কাজের জন্য ২০১৪ সালে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমির ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড পান।

এই গবেষণায় উল্লেখযোগ্য অবদানের জন্য এবার আন্তর্জাতিক মঞ্চেও স্বীকৃতি পেলেন নীনা গুপ্তা। তিনি জায়গা করে নিয়েছেন TIME100 Next India 2026 তালিকায়। TIME-এর এই প্রথম ভারতীয় সংস্করণে এমন ১০০ জন উদীয়মান ব্যক্তিত্বকে বেছে নেওয়া হয়েছে, যাঁদের কাজ, চিন্তাভাবনা ও উদ্যোগ আগামী দিনে দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিজ্ঞান, স্বাস্থ্য, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা থেকে শুরু করে সমাজ পরিবর্তনের মতো বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা রয়েছেন এই তালিকায়। নীনা গুপ্তাকে রাখা হয়েছে Health and Science Innovators বিভাগে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক হিসেবে তাঁর গবেষণা এবং কয়েক দশক পুরনো একটি গাণিতিক ধারণাকে নতুনভাবে চ্যালেঞ্জ করার ক্ষমতাই তাঁকে এই আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে।

তবে এই সাফল্যের পথ তৈরি হয়েছিল অনেক ছোটবেলাতেই। ১৯৮৪ সালে কলকাতায় জন্ম নীনা গুপ্তার। ছোট থেকেই গণিতের প্রতি তাঁর বিশেষ আগ্রহ ছিল। তাঁর মা জ্ঞানলতা গুপ্তা এই আগ্রহকে আরও বাড়িয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। নীনা ও তাঁর ভাইয়ের মধ্যে প্রায়ই গণিতের সমস্যা সমাধানের প্রতিযোগিতার ব্যবস্থা করতেন তিনি। এভাবেই ছোট থেকেই প্রশ্ন করা, যুক্তি দিয়ে ভাবা এবং নতুন কিছু আবিষ্কারের মানসিকতা তৈরি হয় নীনার মধ্যে। পরবর্তীতে বেথুন কলেজ থেকে ২০০৬ সালে গণিতে স্নাতক হন তিনি। এরপর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ২০১১ সালে পিএইচডি সম্পন্ন করেন।

আরও পড়ুন: WBSEDCL-র সাথে ২৫ বছরের চুক্তি আদানির, বাংলায় কমবে বিদ্যুতের বিল?

ব্যক্তিগত জীবনেও পরিবারের সমর্থন তাঁর এগিয়ে চলার অন্যতম শক্তি। নীনার বাবা-মা উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে তাঁকে বরাবর উৎসাহ জুগিয়েছেন। তাঁর স্বামীও তাঁর কাজের ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করেন। বর্তমানে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক হিসেবে গবেষণা ও শিক্ষাদানের সঙ্গে যুক্ত নীনা। তাঁর ঝুলিতে রয়েছে ২০১৯ সালের শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার, ২০২১ সালের রামানুজন পুরস্কার এবং ২০২৪ সালের ইনফোসিস পুরস্কারের মতো সম্মান। তাঁর এই যাত্রা শুধু গণিতপ্রেমীদের কাছেই নয়, বিশেষ করে মেয়েদের কাছে এক বড় অনুপ্রেরণা।

google button