সস্তা ভেবে সোনা কিনেছেন? আরও কমতে পারে দাম, বড় খবর

Published:

gold price (2)

আনিষা চৌধুরী, কলকাতা: সোনার বাজারে একের পর এক ওঠানামা ঘিরে বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ। ২০২৬ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম পৌঁছে গিয়েছিল প্রায় ৫,৫৯৫ ডলারের রেকর্ড উচ্চতায়। কিন্তু সেখান থেকে ক্রমাগত পতনের জেরে নভেম্বরের তৃতীয় সপ্তাহে তা নেমে এসেছে ৩,৭০০ ডলারের আশপাশে, শুক্রবারের লেনদেনে আরও বড় পতন দেখা গিয়েছে। অর্থাৎ, বছরের সর্বোচ্চ স্তর থেকে সোনার দামে প্রায় এক-তৃতীয়াংশ সংশোধন হয়েছে। স্বাভাবিকভাবেই এমন পতন দেখে অবাক হয়েছেন অনেকেই। পাশাপাশি যাঁরা সোনায় বিনিয়োগ করেন, তাঁরাও চিন্তা পড়েছেন। এই পরিস্থিতিতে অনেকেই দাম কম দেখে ইতিমধ্যেই সোনা কিনে ফেলেছেন, আবার অনেকে কেনার পরিকল্পনা করছেন। কিন্তু যাঁরা ইতিমধ্যেই কিনে ফেলেছেন, তাঁরা কি কোনও ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললেন? কারণ বিশেষজ্ঞদের একাংশের মতে, সোনার দামে (Gold Price) আরও পতনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

কী বলছেন বিশেষজ্ঞরা?

সোনার দামের এই বড়সড় পতনের পিছনে একাধিক কারণ কাজ করছে। প্রথমত, আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। সুদের হার বাড়লে বিনিয়োগকারীদের কাছে সুদবিহীন সম্পদ হিসেবে সোনার আকর্ষণ কমে যায়। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের শক্তিশালী হয়ে ওঠাও সোনার দামে চাপ তৈরি করেছে। কারণ ডলারের দাম বাড়লে অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের কাছে সোনা কেনা তুলনামূলক ব্যয়বহুল হয়ে ওঠে। এর পাশাপাশি মার্কিন বন্ডের সুদ বৃদ্ধি, মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ, শেয়ারবাজারে অস্থিরতা এবং মুনাফা তুলে নেওয়ার প্রবণতাও সোনার বাজারে বিক্রির চাপ বাড়িয়েছে।

কী বলছেন রবার্ট কিয়োসাকি?

সোনার দামের এই পতন নিয়ে এবার নিজের মতামত জানিয়েছেন ‘Rich Dad Poor Dad’-এর লেখক তথা বিনিয়োগকারী রবার্ট কিয়োসাকি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ তিনি লিখেছেন, “ধস: ভালো না খারাপ? সোনা, রুপো এবং বিটকয়েনের দাম কমছে। দুর্বল হাতের বিনিয়োগকারীরা বিক্রি করছেন, আর শক্তিশালী বিনিয়োগকারীরা কেনার জন্য অপেক্ষা করছেন।” কিয়োসাকি বাজারের এই পতনকে শুধুমাত্র ক্ষতির পরিস্থিতি হিসেবে দেখছেন না। বরং তাঁর মতে, যাঁরা স্বল্পমেয়াদি লোকসানের ভয়ে বিনিয়োগ তুলে নিচ্ছেন, তাঁরা আসলে দুর্বল বিনিয়োগকারী। অন্যদিকে যাঁদের হাতে পর্যাপ্ত অর্থ রয়েছে এবং যাঁরা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান, তাঁরা দাম আরও কমার অপেক্ষায় রয়েছেন। অর্থাৎ, বাজারে আরও সংশোধন হলে তুলনামূলক কম দামে সোনা, রুপো কিংবা বিটকয়েন কেনা যেতে পারে বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি।

কিয়োসাকির বক্তব্য থেকে আরও একটি বিষয় স্পষ্ট। তিনি মনে করছেন, বর্তমান বাজারের অস্থিরতা সাময়িক হলেও এর পিছনে রয়েছে বিশ্ব অর্থনীতির দীর্ঘদিনের সমস্যা। বিশেষ করে আমেরিকার বিপুল সরকারি ঋণ, ব্যাঙ্কিং ব্যবস্থার দুর্বলতা এবং কাগুজে মুদ্রার ক্রয়ক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা নিয়ে দীর্ঘদিন ধরেই সরব তিনি। তাঁর মতে, সময়ের সঙ্গে সরকারি মুদ্রার মূল্য কমতে থাকলে সোনা, রুপো এবং বিটকয়েনের মতো সম্পদের গুরুত্ব বাড়তে পারে। সেই কারণেই বর্তমান পতন সত্ত্বেও এই সম্পদগুলির উপর থেকে আস্থা হারাতে নারাজ তিনি।

ভবিষ্যতে সোনার দাম কত হতে পারে?

চলতি বছরের জুন মাসে কিয়োসাকি জানিয়েছিলেন, স্বল্পমেয়াদে সোনার দাম নিয়ে তাঁর আগের অনুমান ভুল প্রমাণিত হয়েছে। ২৯ জুন তিনি নিজেই লিখেছিলেন, সোনার দাম এখনও পড়ছে এবং তাঁর পূর্বাভাস মেলেনি। কিন্তু তাতে দীর্ঘমেয়াদি সম্ভাবনা নিয়ে তাঁর আশা কমেনি। তাঁর বক্তব্য অনুযায়ী, আগামী পাঁচ বছরের মধ্যে প্রতি আউন্স সোনার দাম ৩৫,০০০ ডলারে পৌঁছতে পারে। যদিও এই লক্ষ্যমাত্রার ক্ষেত্রে তিনি বিনিয়োগ বিশেষজ্ঞ জিম রিকার্ডসের পূর্বাভাসের কথাও উল্লেখ করেছিলেন।

আরও পড়ুন: ‘আমরা আবার ফিরে আসবো’ ভারতে এসেই বললেন পাকিস্তানের মন্ত্রী

তবে একটা কথা মনে রাখা জরুরি, বাজারের পরিস্থিতি, মার্কিন ফেডের সুদের নীতি, ডলারের গতিবিধি এবং আন্তর্জাতিক চাহিদার উপর নির্ভর করেই আগামী দিনে সোনার দাম ঠিক হবে। তাই শুধু দাম কমেছে বলে তাড়াহুড়ো করে সোনা কেনার আগে বর্তমান বাজার পরিস্থিতি এবং নিজের আর্থিক সামর্থ্য বিচার করা জরুরি।

google button