সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২১ নভেম্বর, শনিবার। বিজেপি নেতা গ্রেফতার, ৫০ হাজার দেওয়ার ঘোষণা, বাংলাদেশে রণক্ষেত্র….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) পশ্চিমবঙ্গে ২৫ বছরের বিদ্যুৎ চুক্তি আদানি গোষ্ঠীর
পশ্চিমবঙ্গের বিদ্যুৎ পরিকাঠামো উন্নয়নে এবার বিরাট সিদ্ধান্ত আদানি গোষ্ঠীর। রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য আদানি গোষ্ঠীর সঙ্গে দীর্ঘমেয়াদী বিদ্যুৎ সরবরাহ চুক্তি করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। জানা গিয়েছে, ডব্লিউবিএসইডিসিএল-কে ১৭৫০ মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ সরবরাহ করবে তারা। আর এই চুক্তির মেয়াদ হবে ২৫ বছর। তবে এতে বিদ্যুতের বিল কমবে কিনা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৯) কলেজে ভর্তি হলে ৫০,০০০ টাকা দেওয়ার ঘোষণা
বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই জানিয়েছিল, কলেজে ভর্তি হলে মেয়েরা পাবে ৫০,০০০ টাকা অর্থ সহায়তা। তবে এবার এ নিয়ে বড় ঘোষণা করলেন বিজেপির বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তাঁর ঘোষণা অনুযায়ী বিএ, বিকম কিংবা বিএসসি এই তিনটি বিভাগের যে কোনও একটিতে ভর্তি হলেই তিন বছরে মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা পাবে ছাত্রীরা। প্রথম বর্ষে দেওয়া হবে ১৭ হাজার টাকা, দ্বিতীয় বর্ষে মিলবে ১৭ হাজার টাকা আর তৃতীয় বর্ষে মিলবে ১৬ হাজার টাকা। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৮) বর্ষার জল সমস্যা থেকে মুক্তি পেতে নিজে ময়দানে নামলেন বিজেপি বিধায়ক
বর্ষার জল সমস্যা এবং নিকাশি ব্যবস্থার জটিলতা দূর করতে এবার ময়দানে নামলেন বিজেপির বিধায়ক প্রসেনজিৎ বাগ। এলাকার জল নিকাশি ব্যবস্থাকে উন্নত করতে নিজের হাতেই জঞ্জাল সাফাই করতে নেমে পড়েছেন তিনি। ইতিমধ্যেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। হুগলির জঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের জেরে গাছ ভেঙে পড়ায় জল আটকে যায়। সেই এলাকার নিকাশি ব্যবস্থাকে উন্নত করতেই নিজে উদ্যোগ নিয়েছেন খোদ বিধায়ক। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৭) বাল্যবিবাহ রুখতে বিশেষ অভিযান স্কুলে
বাল্যবিবাহ রুখতে এবার বিরাট সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। এবার বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযানে রাজ্যের সমস্ত স্কুলকে একত্রিত হওয়ার নির্দেশ দিল উত্তর ২৪ পরগনা জেলা বিদ্যালয় পরিষদের দফতর। এর আগেও একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তবে তাতে পুরোপুরি কাজ হয়নি। এখনও বিভিন্ন এলাকায় বাল্যবিবাহের মতো ঘটনা ঘটছে। তবে স্কুলের পর থেকেই সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে এবার উদ্যোগী হল খোদ পশ্চিমবঙ্গ সরকার। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৬) সুমিত রায়ের রক্ষাকবচের আবেদন খারিজ
স্বস্তি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। রক্ষাকবচের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে শনিবার সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আগেই জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন তিনি। তার পাশাপাশি আরও একটি মামলায় শোন অ্যারেস্ট হয়েছেন সুমিত। এদিন সুমিতের আইনজীবী জানিয়েছেন, নতুন মামলায় গ্রেফতার দেখানোর আগে অনুমতি নেওয়া হোক হাইকোর্টের। তবে সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৫) সোনা পাচার চক্রে গ্রেফতার বিজেপির নেতা
চুরি করা সোনা গলিয়ে তা বিক্রি করতে সাহায্য করায় শিলিগুড়িতে গ্রেফতার বিজেপির নেতা নয়ন সরকার। আজ অভিযুক্তকে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠিয়ে তদন্তের অগ্রগতির জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার নয়ন সরকারকে গ্রেফতার করেছিল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। তিনি চোরাই সোনা বিক্রিতে মধ্যস্থতা করতেন। সেই খবর জানাজানি হতেই পদক্ষেপ নেয় প্রশাসন। তবে এ নিয়ে বিজেপির অন্দরে যে শোরগোল বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৪) বাংলাদেশে জ্বালিয়ে দেওয়া হল মন্ত্রীর বাড়ি
উত্তপ্ত বাংলাদেশ। দিকে দিকে অগ্নিসংযোগ থেকে শুরু করে একাধিক হামলার ঘটনায় রণক্ষেত্র ওপার বাংলা। এমনকি সহিংসতার কবলে পড়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, সিলেটে পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবীরের বাসভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ভিডিওতে দেখা যায়, আগুনের শিখা গ্রাস করেছে প্রতিমন্ত্রীর বাড়ি। এমনকি তাঁর বাড়িতে বোমা হামলার অভিযোগ উঠলেও তা উড়িয়ে দিয়েছে সিলেট পুলিশ। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৩) কফিনবন্দি হয়ে নদীয়ার গ্রামে ফিরলেন বীর জওয়ান
কফিনবন্দি হয়ে নদীয়ার গ্রামে ফিরলেন বীর জওয়ান অরুনাভ মুখোপাধ্যায়। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁর সহকর্মীরা জম্মুর একটি হাসপাতালে নিয়ে যান তাঁকে। তবে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারকে সেই খবর জানানো হলেই কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ বাবা-মা, স্ত্রী এবং সন্তান। গতকাল কৃষ্ণগঞ্জের গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় ওই বীর জওয়ানের মৃতদেহ। তবে এ নিয়ে শোক প্রকাশ করেছেন স্থানীয়রা। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
২) আবাস যোজনার বাড়ি তৈরি না করায় মুর্শিদাবাদে গ্রেফতার ৩
আবাস যোজনার টাকা নিয়েও তৈরি করেননি বাড়ি। এবার সেই সমস্ত উপভোক্তাদের খুঁজে খুঁজে বের করল মুর্শিদাবাদ জেলা প্রশাসন। ইতিমধ্যেই তিনজন উপভোক্তাকে গ্রেফতার করেছে দৌলতাবাদ থানার পুলিশ। এমনকি তাদের সেই টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে প্রশাসন। জানা গিয়েছে, শুক্রবার বহরমপুর ব্লকের ওই গ্রাম পঞ্চায়েতের কানপুর এলাকায় আবাস যোজনার একটি সার্ভে চালানো হয়েছিল। আর সেখানেই প্রায় ১১৩ জন উপভোক্তা এখনও বাড়ি তৈরির কাজ শুরু করেননি বলে খবর। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
১) আইআইটি খড়গপুরে ৫ মিলিয়ন ডলার অনুদানের ঘোষণা গুগলের
আইআইটি খড়গপুর নিয়ে এবার বিরাট ঘোষণা করলেন গুগলের সিইও সুন্দর পিচাই। জানা গিয়েছে, এবার খড়গপুর ইনস্টিটিউট অফ টেকনোলজিকে মোট ৫ মিলিয়ন ডলার অনুদান দেওয়া হবে। দেশের প্রযুক্তি এবং গবেষণা খাতে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে এই সিদ্ধান্তকে। এর মূল উদ্দেশ্য হবে এআই-র ব্যবহার এবং গবেষণা বাড়ানোর কাজ। পাশাপাশি বিভিন্ন ভারতীয় ভাষার প্রযুক্তির সহজলভ্যতা এবং এআই সমাধান উন্নত করা। এছাড়া কৃষিক্ষেত্রে সহায়তা করা হবে বলেও খবর। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন


