সহেলি মিত্র, কলকাতাঃ আম বাঙালির চিরপরিচিত দীপুদা-র মাঝে জায়গা করে নিয়েছে শান্তিনিকেতন। মন ভালো করার ঠিকানা হোক কিংবা উইকেন্ড ডেস্টিনেশন, টুক করে বেরিয়ে আসাই যায় শান্তিনিকেতন (Shantiniketan)। হয়তো অনেকবার গিয়েছেন ইতিমধ্যে, কিন্তু সব কি দেখা হয়েছে? হয়তো না। আসলে, একেক ঋতুতে শান্তিনিকেতনের রূপ একেকরকম। শীতের কুয়াশার চাদর জড়ানো লাল মাটির পথ, সোনাঝুরি গাছের সারি বর্ষায় অন্য রকম। শুধু সোনাঝুরি কেন, শান্তিনিকেতনে রয়েছে হরেকরকম গাছের সমারোহ। তবে আপনি কি জানেন, এই শান্তিনিকেতনে রয়েছে একটি হিডেন জেম, হিডেন ওয়াটারফলস (Hidden Waterfalls)! হ্যাঁ ঠিক শুনেছেন।
শান্তিনিকেতনেও রয়েছে ঝর্ণা!
সোনাঝুরি বনের ধার ঘেঁষে যে চওড়া খাল চলে গিয়েছে, সেখানে হুহু করে ছুটে চলে জল। এখন ইন্টারনেটের জমানা। যে যত ‘ হিডেন জেম ‘ দেখাতে পারবেন, তার তত ভিউজ। হঠাৎ করে যদি শান্তিনিকেতনে ঝর্ণা দেখার শখ জাগে, তাহলে সোনাঝুরি বনের একেবারে ধার বরাবর চলে আসুন, যেখানে ছোট ব্রিজটা রয়েছে ওখানটায়। ব্রিজের নিচের জায়গাটা বেশ গভীর। বনের মাঝখান নিয়ে খালের একটা অংশ বেশ কিছুটা ঢালু। জল যাতে ঢাল বেয়ে নেমে পাশের খালে চলে যেতে পারে তাই এই ব্যবস্থা। বছরের বেশিরভাগ সময় এই খাল প্রায় শুকনো থাকলেও, বর্ষাকালে এই ঢালু অংশটি প্রায় ঝর্ণার রূপ নেয়।
দু’দিনের ছুটিতে ঘুরে আসন রবি ঠাকুরের দেশে
মেঘের গায়ে রামধনু দেখতে পাবেন কি না সেটা বলা মুশকিল, কিন্তু বর্ষার শান্তিনিকেতন যেন এক রং মিলান্তি। মেঘ থেকে নেমে আসা জলের ফোঁটায় প্রাণ ফিরে পায় প্রকৃতি, সবুজ হয়ে ওঠে আরও সবুজ। বর্ষার জলে যখন গাছে গাছে রঙের বাহার, চিরপরিচিত কোপাই তখন বেগবতী। বর্ষা ছাড়া অন্য সময়, বিশেষত শীতকালে কোপাইয়ে বয়ে যায় তিরতিরে জলের ধারা। স্বচ্ছ জলের নীচে দেখা যায় নুড়ি পাথর, সবুজ শ্যাওলা বা দুটো একটা ছোট মাছ।
আরও পড়ুনঃ শীতের ছুটিতে পুরুলিয়া ভ্রমণ? ঘুরে আসুন কুমারী ড্যাম
নদীর দুইধারের জেগে ওঠা চরে সবুজ ঘাস, বুনো ফুলের ওপর প্রজাপতির আনাগোনা। বর্ষায় কোপাই মাঝেমধ্যে ছাপিয়ে যায় দুই পার, সেতু পার করাই তখন দুর্বিষহ। নদীর গা ঘেঁষে যে চায়ের দোকান, হলুদ রঙের পুরোনো যে বোর্ডে লেখা রয়েছে ‘এপারেতে বাউল গান, ওপারেতে মহাশ্মশান’, সব তখন নদীর দখলে। জল নামতে শুরু করলে শান্তিনিকেতনের রূপ আবার অন্য। তাহলে আর দেরি কেন করছেন, এই শীতে দু’দিনের ছুটিতে টুক করে ঘুরে আসুন শান্তিনিকেতন এবং এখানকার কিছু হিডেন জায়গায়।


