কম খরচে শীতের ছুটিতে ঘুরতে যাওয়ার সেরা ৫ জায়গা

Published:

winter (1)

আনিষা চৌধুরী, কলকাতা: শীতকাল (Winter Vacation ) মানেই ঘুরতে যাওয়ার মরশুম। বছরের শেষটা একটু অন্যভাবে কাটাতে, কাজের ব্যস্ততা থেকে কয়েকটা দিনের বিরতি নিতে অনেকেই এই সময়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু কোথায় যাবেন, কীভাবে যাবেন, কত খরচ হবে, এই সমস্ত ভাবতে গিয়েই অনেক সময় পরিকল্পনা থমকে যায়। তার উপর মধ্যবিত্ত পরিবারের কাছে বেড়ানোর বাজেটও একটা বড় বিষয়। তাই অনেকেই এমন জায়গার খোঁজ করেন, যেখানে খুব বেশি টাকা খরচ না করেও শীতের ছুটিটা উপভোগ করা যাবে। আপনিও কি তেমন কোনও গন্তব্যের সন্ধানে রয়েছেন? তাহলে আপনার জন্য রইল পশ্চিমবঙ্গ ও তার আশপাশের পাঁচটি জায়গার হদিশ।

১. দার্জিলিং:

শীতের ছুটিতে পাহাড়ে যাওয়ার পরিকল্পনা থাকলে দার্জিলিং হতে পারে অন্যতম সেরা ঠিকানা। কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য, চা-বাগানের সবুজ, পাহাড়ি রাস্তা আর ঠান্ডা আবহাওয়া, সব মিলিয়ে এই জায়গার আকর্ষণই আলাদা। এখানে গিয়ে টাইগার হিল, বাতাসিয়া লুপ, ঘুম মনাস্ট্রি এবং পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক ঘুরে দেখতে পারেন। নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেনে গিয়ে সেখান থেকে গাড়িতে দার্জিলিং পৌঁছনো যায়। থাকা-খাওয়া ও যাতায়াত মিলিয়ে জনপ্রতি আনুমানিক ৩,৫০০ থেকে ৫,৫০০ টাকার মধ্যে ২ দিনের ভ্রমণ সেরে ফেলা সম্ভব।

২. দিঘা:

সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতে শুনতে ছুটি কাটাতে চাইলে চলে যেতে পারেন দিঘায়। কলকাতা থেকে ট্রেন বা বাসে সহজেই পৌঁছে যাওয়া যায় এই সমুদ্রশহরে। নিউ দিঘা, ওল্ড দিঘা, উদয়পুর সমুদ্রসৈকত এবং মেরিন অ্যাকোয়ারিয়াম ঘুরে দেখতে পারেন। পাশাপাশি সমুদ্রের ধারে বসে সূর্যাস্ত উপভোগ করার সুযোগ তো রয়েছেই। বাজেটের মধ্যে হোটেল বেছে নিলে থাকা, খাওয়া ও যাতায়াত মিলিয়ে জনপ্রতি প্রায় ১,৮০০ থেকে ৩,০০০ টাকার মধ্যে ২-৩ দিনের ভ্রমণ করা যেতে পারে।

৩. শান্তিনিকেতন:

শীতের ছুটিতে একটু নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চাইলে শান্তিনিকেতন হতে পারে আদর্শ গন্তব্য। প্রকৃতি, শিল্পকলা এবং বাঙালির সংস্কৃতির মেলবন্ধন রয়েছে এই জায়গায়। এখানে গিয়ে বিশ্বভারতী চত্বর, সোনাঝুরি হাট, খোয়াইয়ের লাল মাটির প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে দেখতে পারেন। শীতকালে সোনাঝুরি হাটের পরিবেশও বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। কলকাতা থেকে ট্রেনে বোলপুর পৌঁছে সেখান থেকে সহজেই বিভিন্ন জায়গায় যাওয়া যায়। জনপ্রতি আনুমানিক ১,৫০০ থেকে ২,৮০০ টাকার মধ্যে ২-৩ দিনের ভ্রমণের পরিকল্পনা করা সম্ভব।

৪. বিষ্ণুপুর:

ইতিহাসের প্রতি আগ্রহ থাকলে শীতের ছুটিতে ঘুরে আসতে পারেন বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে। মল্লরাজাদের স্থাপত্য, টেরাকোটার কারুকাজ এবং প্রাচীন মন্দির এই শহরের অন্যতম পরিচয়। এখানে রাসমঞ্চ, জোড়বাংলা মন্দির, শ্যামরাই মন্দির এবং মদনমোহন মন্দির ঘুরে দেখতে পারেন। পাশাপাশি বিষ্ণুপুরের বিখ্যাত বালুচরী শাড়ি ও স্থানীয় হস্তশিল্পের সঙ্গেও পরিচিত হওয়ার সুযোগ রয়েছে। কলকাতা থেকে ট্রেনে যাতায়াত করে সাধারণ হোটেলে থাকলে জনপ্রতি আনুমানিক ১,৫০০ থেকে ২,৫০০ টাকার মধ্যে ২-৩ দিনের সফর করা যেতে পারে।

৫. মুকুটমণিপুর:

শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে কয়েকটা দিন কাটাতে চাইলে মুকুটমণিপুরও ভালো বিকল্প হতে পারে। বাঁকুড়ার এই পর্যটনকেন্দ্র কংসাবতী জলাধার এবং তার চারপাশের মনোরম প্রাকৃতিক পরিবেশের জন্য পরিচিত। এখানে গিয়ে জলাধারের বিস্তীর্ণ জলরাশি, পাহাড়ঘেরা পরিবেশ, পরেশনাথ পাহাড় এবং স্থানীয় দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে পারেন। সময় ও সুযোগ থাকলে নৌকাবিহারের অভিজ্ঞতাও নিতে পারেন। থাকা, খাওয়া এবং যাতায়াত মিলিয়ে জনপ্রতি আনুমানিক ১,৮০০ থেকে ৩,০০০ টাকার মধ্যে ২-৩ দিনের ভ্রমণ পরিকল্পনা করা সম্ভব।

আরও পড়ুন: শান্তিনিকেতনেও রয়েছে লুকনো ঝর্ণা! কোথায় পাবেন এই অপরূপ দৃশ্য?

সারা বছর কাজের চাপ, সংসারের দায়িত্ব এবং নানা ব্যস্ততার মধ্যে নিজেদের জন্য সময় বের করাই কঠিন হয়ে ওঠে। তাই বছরের শেষে পরিবারের সদস্যদের নিয়ে কিংবা প্রিয় মানুষটির সঙ্গে কয়েকটা দিন ঘুরে আসতে পারলে মনও ভালো থাকে, জমে থাকা ক্লান্তিও অনেকটা দূর হয়। তবে বেড়াতে যাওয়ার আগে যাতায়াত, হোটেল এবং খাবারের খরচ সম্পর্কে ভালোভাবে খোঁজ নিয়ে বাজেট তৈরি করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ ঘুরতে যাওয়ার আনন্দ উপভোগ করতে গিয়ে যেন পকেটে টান না পড়ে, সেটাও তো মাথায় রাখতে হবে!

google button