দামি তেল-শ্যাম্পু নয়, রান্নাঘরের এই উপাদানেই বন্ধ হবে হেয়ার ফল

Published:

Onion (1)

আনিষা চৌধুরী, কলকাতা: চুল পড়ার সমস্যায় কমবেশি অনেকেই ভোগেন। কারও চুল অল্প বয়সেই পাতলা হতে শুরু করে, আবার কারও ক্ষেত্রে চুলের গোড়া দুর্বল হয়ে অতিরিক্ত চুল ঝরতে থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই দামি তেল, শ্যাম্পু থেকে শুরু করে পার্লারের বিভিন্ন ট্রিটমেন্টের সাহায্য নেন। তবে চুলের যত্নে সব সময় যে প্রচুর টাকা খরচ করতে হবে, এমনটা নয়। বরং রান্নাঘরে থাকা একটি সাধারণ উপাদানই চুলের যত্ন নেওয়ার জন্য যথেষ্ট। এটি হল পেঁয়াজ (Onion)। কীভাবে পেঁয়াজের রস ব্যবহার করলে উপকার মিলতে পারে, জেনে নিন সেই পদ্ধতি।

কীভাবে ব্যবহার করবেন পেঁয়াজের রস?

চুলের পরিচর্যায় পেঁয়াজের রস ব্যবহারের চল নতুন নয়। এর মধ্যে থাকা সালফার চুলের কেরাটিনের অন্যতম উপাদান হিসেবে পরিচিত। পাশাপাশি পেঁয়াজে কিছু অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদানও রয়েছে। চুল বিশেষজ্ঞদের মতে, চুলের যত্নে পেঁয়াজের তেল কিংবা বাজারচলতি পেঁয়াজের শ্যাম্পুর বদলে টাটকা পেঁয়াজের রস ব্যবহার করা সব থেকে লাভজনক।

ব্যবহারের পদ্ধতি:

  • প্রথমেই একটি তাজা পেঁয়াজ নিয়ে তার রস বের করে নিতে হবে।
  • চুল বিশেষজ্ঞ জাভেদ হাবিবের মতে, যে পেঁয়াজের ঝাঁঝ বেশি এবং কাটার সময় চোখে জল আসে, সেটি সবথেকে বেশি কার্যকরী।
  • তবে রস তৈরি করে দীর্ঘক্ষণ ফেলে রাখা উচিত নয়।
  • ব্যবহারের ঠিক আগে পেঁয়াজ কেটে তার থেকে রস বের করে নিন।
  • এরপর তুলোর বল কিংবা আঙুলের সাহায্যে চুলের গোড়ায় অর্থাৎ স্ক্যাল্পে সেই রস লাগাতে হবে।
  • রস লাগানোর পর তেলের মতোই হালকা হাতে স্ক্যাল্পে মালিশ করুন।
  • তবে ঘণ্টার পর ঘণ্টা পেঁয়াজের রস মাথায় রেখে দেওয়ার প্রয়োজন নেই।
  • বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ৫-১০ মিনিট রাখার পর সাধারণ বা মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে।
  • সপ্তাহে দু’বার এই পদ্ধতি অনুসরণ করা যেতে পারে।

আরও পড়ুন: জাঁকিয়ে শীত আসার আগেই খুশকির জ্বালা? ঘরোয়া এই ৩ টোটকায় হবে কেল্লাফতে

তবে বিশেষজ্ঞদের সতর্কতার বিষয়টিও মাথায় রাখা জরুরি। পেঁয়াজের রস লাগালেই যে মাথা চুলে ভরে উঠবে, এমন পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ কিন্তু মেলেনি। কারও কারও ক্ষেত্রে এটি স্ক্যাল্পে চুলকানি, জ্বালা কিংবা অ্যালার্জির কারণ হতে পারে। তাই সরাসরি মাথায় লাগানোর আগে অল্প জায়গায় পরীক্ষা করে নেওয়া ভালো। অতিরিক্ত চুল পড়ার সমস্যা থাকলে ঘরোয়া পদ্ধতির উপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ।

আরওHairOnion
google button