ঘূর্ণিঝড় আকভানের পর এবার ‘কানি’র চোখরাঙানি! নভেম্বরের শেষেই হতে পারে তৈরি

Published:

সহেলি মিত্র, কলকাতাঃ বছরের শেষে যেন ঘূর্ণিঝড়ের মেলা লেগেছে। একটা যাচ্ছে তো আরেকটা আসছে। অর্ণব, মুরাসু এবং আকভান-র পর নতুন একটি ঘূর্ণিঝড়ের ওপর এবার নজরদারি চালাচ্ছেন আবহাওয়াবিদরা। এবার যে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে সেটার নাম হল ‘কানি’ (Cyclone Kani)। কবে সাগরে নিম্নচাপ হবে, আদৌ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে ল্যান্ডফল করবে কিনা এখন তা নিয়েই প্রশ্ন উঠছে।

এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কানি’?

দুদিন আগেই ঘূর্ণিঝড় আকভাব অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে আছড়ে পড়ে। এর প্রভাবে বাংলা সহ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি দফায় দফায় চলে। এখনও এর রেশ কাটেনি। বেশ কিছু জায়গায় চলছে বৃষ্টি, বাংলার আকাশেরও মুখ ভার। আকভানকে নিয়ে আলোচনার মাঝেই নতুন অশনি সংকেত! এবার নাকি ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কানি।

আসলে একাধিক বেসরকারি আবহাওয়া গবেষণা মডেল এই ঝড়ের একটা পূর্বাভাস দিয়েছে। ২৭ নভেম্বর নাগাদ হতে পারে এটি। এখনও অবধি জানা যাচ্ছে, ভারতে নয়, এটি শ্রীলঙ্কায় (Sri Lanka) জন্ম নিতে পারে।

আরও পড়ুন: ঝড়ের প্রভাব কাটতেই শুরু শীতের ব্যাটিং! ৪ জেলায় বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

‘কানি’ শব্দের মানে কী?

‘কানি’ নামটি মালদ্বীপ দিয়েছে। এই কথাটির মানে হল তরুণী। ভারত মহাসাগর ও আরব সাগরে নতুন এই ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে।  তবে কবে এই ঝড় তৈরি হবে কিংবা কোথায় আছড়ে পড়তে পারে, সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট পূর্বাভাস বা সতর্কতা জারি করেনি ভারতীয় মৌসম ভবন (IMD)। আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর বা আরব সাগরের কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হতে হলে তার স্থায়ী বাতাসের গতিবেগ ঘণ্টায় অন্তত ৬২ কিলোমিটারে পৌঁছতে হয়। এই নির্দিষ্ট মাত্রা অতিক্রম করলেই সেটিকে আনুষ্ঠানিকভাবে ঘূর্ণিঝড় হিসেবে ঘোষণা করা হয় এবং নির্ধারিত তালিকা থেকে তার নাম দেওয়া হয়।

নভেম্বর-ডিসেম্বরে কেন বাড়ে ঘূর্ণিঝড়ের আশঙ্কা?

আবহাওয়া দফতর এখনও নতুন কোনও ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি না করলেও নভেম্বর ও ডিসেম্বর মাসে সমুদ্রের উপর ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ তৈরির অনুকূল পরিস্থিতি থাকে। বর্ষা বিদায়ের পরবর্তী এই সময়টিকে পোস্ট-মনসুন মরশুম বলা হয়। এই সময় বঙ্গোপসাগর ও আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকে। ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য রয়েছে একটি নির্দিষ্ট আন্তর্জাতিক প্যানেল। এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা এবং রাষ্ট্রপুঞ্জের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (UNESCAP)। এই প্যানেলে ভারত, বাংলাদেশ, ইরান, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহি এবং ইয়েমেন-সহ ১৩টি দেশ রয়েছে। প্রতিটি দেশ ঘূর্ণিঝড়ের নামের তালিকায় নির্দিষ্ট কিছু নাম জমা দেয়।

google button