পুলিশের সহায়তায় জাল হলফনামা দেওয়ার অভিযোগ, ঋতব্রতদের বিরুদ্ধে FIR মমতা তৃণমূলের

Published:

Mamata Trinamool

সৌভিক মুখার্জী, কলকাতা: এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর নাম এবং নিশানা দুই-ই হারিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোড়াফুল প্রতীক আপাতত ফ্রিজ করেছে কমিশন। মমতা তৃণমূলের (Mamata Trinamool) জন্য বরাদ্দ প্রতীক ফুটবল পায়ে খেলোয়াড় এবং ঋতব্রত তৃণমূলের জন্য খাম। তবে দলের নাম এবং প্রতীক বিতর্ক চলাকালীন মমতা তৃণমূল বিদ্রোহী শিবিরের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং অরূপ রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে জাল নথি জমা দেওয়ার অভিযোগে কালীঘাট থানায় দায়ের করল এফআইআর।

ঋতব্রত এবং অরূপের বিরুদ্ধে কালীঘাট থানায় এফআইআর মমতা তৃণমূলের

আসলে সম্প্রতি মমতা তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল–উভয় পক্ষই নির্বাচন কমিশনের কাছে দলের নাম, প্রতীক এবং ব্যাংক অ্যাকাউন্টের উপর দাবি জানিয়ে হলফনামা জমা দিয়েছে। তবে কালীঘাট থানায় এবার ঋতব্রত এবং অরূপ রায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মমতা শিবির। কালীঘাট তৃণমূলের দাবি, বিদ্রোহী দলটি বীরভূমের নানুর থানার পুলিশ কর্মকর্তাদের সহায়তায় ওই হলফনামাগুলি জাল করেছে এবং সেগুলি কমিশনের কাছে জমা দিয়েছে।

মমতা তৃণমূলের তরফ থেকে আইনজীবী শুভাশিস চক্রবর্তী কালীঘাট থানায় এই অভিযোগ দায়ের করেছেন। এফআইআর কপিতে উল্লেখ করা হয়েছে, “বর্তমানে আমার হাতে থাকা তথ্য-প্রমাণ এবং সাক্ষ্য থেকে এটা প্রমাণ হয় যে থানার দালালদের মাধ্যমে প্রতিপক্ষ গোষ্ঠীর সমর্থনে জাল হলফনামা তৈরি করার জন্য একটি সংগঠিত তৎপরতা চালানো হয়েছে। এর মধ্যে এমন হলফনামাও রয়েছে যেগুলিতে দেখানোর চেষ্টা করা হয়েছে যে সাধারণ মানুষ অরূপ রায়কে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে স্বীকৃতি দেয় এবং মমতা ব্যানার্জিকে তারা নেত্রী হিসেবে মেনে নেয় না।”

এমনকি অভিযোগকারীর দাবি, পুলিশ কর্মকর্তা ও নাগরিক স্বেচ্ছাসেবকরা জাল নথিগুলি তৈরি করার ক্ষেত্রে মদত দিয়েছিলেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, “২৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবরের মধ্যবর্তী সময়ে নানুর থানার পুলিশ কর্মী এবং পৌর স্বেচ্ছাসেবকরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর সদস্য বলে কথিত বেশ কয়েকজন ব্যক্তির নামে হলফনামা প্রস্তুত এবং পূরণ করার কাজে নিযুক্ত ছিলেন। আর সেই কার্যক্রমে এমন ব্যক্তিদের নামে হলফনামা তৈরি করা হয়েছিল, যারা নিজেরা নথি প্রস্তুতকারীদের সামনে হাজির হননি এবং স্বেচ্ছায় এই ধরনের কোনও হলফনামায় স্বাক্ষর করেননি।”

Image

আরও পড়ুন: ২৬ নভেম্বর বাধ্যতামূলক! রাজ্যের স্কুল-কলেজের জন্য বিশেষ নির্দেশিকা কেন্দ্রের

তবে এই অভিযোগ খারিজ করে দিয়ে ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন অরূপ রায় স্পষ্ট জানিয়েছেন, “ওরা পুলিশের কাছে অভিযোগ বা এফআইআর করতেই পারে। এটা ওদের মৌলিক অধিকার। ওরা এখন কল্যাণ ব্যানার্জীর ভাবনা নিয়ে কাজ করছে। তাতে আমাদের কিছু যায় আসে না, আমাদের সব হলফনামা দলের কর্মীরা জমা দিয়েছেন। এই ধরনের ভিত্তিহীন অভিযোগ আমাদের প্রভাবিত করতে পারে না।”

google button