যাদবপুরের ছাত্রের আন্তর্জাতিক সম্মান, গুগল পিএইচডি ফেলোশিপের জন্য নির্বাচিত অভিরূপ

Published:

Jadavpur University Researcher

অনন্যা সরকার, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) মুকুটে জুড়ল নতুন পালক। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথমবার কোনও পড়ুয়া গুগল পিএইচডি ফেলোশিপ (Google PhD Fellowship 2026)-এর জন্য নির্বাচিত হলেন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণারত শিক্ষার্থী অভিরূপ চট্টোপাধ্যায় ‘মেশিন লার্নিং অ্যান্ড এমএল ফাউন্ডেশনস’ (Machine Learning and ML Foundations) বিভাগে এই সম্মান অর্জন করে নিয়েছেন। সারা বিশ্বে এই নির্দিষ্ট বিভাগে নির্বাচিত ৪৩ জন গবেষকের মধ্যে তিনি অন্যতম।

গুগল পিএইচডি ফেলোশিপ অর্জন করলেন যাদবপুরের ছাত্র

গুগল পিএইচডি ফেলোশিপ হল কম্পিউটার সায়েন্স ও সেই সম্বন্ধীয় ক্ষেত্রে গবেষণারত মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা প্রদান ও আর্থিক সহায়তা কর্মসূচি। এ বছর গুগল বিশ্বের ৩৮টি দেশের ১৪৮ জন পিএইচডি গবেষককে এই ফেলোশিপ প্রদান করেছে। গুগল ডট ওআরজি (Google.org)-এর পক্ষ থেকে এই গবেষণার জন্য মোট ১ কোটি ৩০ লক্ষ ডলার আর্থিক সহায়তা করা হচ্ছে। ভারত থেকে এই সম্মানের জন্য নির্বাচিত হয়েছেন মাত্র তিনজন গবেষক,  তার মধ্যে অভিরূপ একজন, যা তাঁর এই সাফল্যকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

অভিরূপ চট্টোপাধ্যায়ের শৈশব ও স্কুলজীবন কেটেছে শান্তিনিকেতনে। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য কলকাতায় চলে আসেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা শুরু করেন। স্নাতকোত্তর শেষ করার পর, তিনি একই প্রতিষ্ঠানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং নিয়ে গবেষণায় যুক্ত হন। 

আরও পড়ুন: ২৬ নভেম্বর বাধ্যতামূলক! রাজ্যের স্কুল-কলেজের জন্য বিশেষ নির্দেশিকা কেন্দ্রের

অভিরূপের সুপারভাইজার ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক সুস্মিতা ঘোষ জানান যে, অভিরূপ মূলত ফাউন্ডেশন মডেল তৈরির ওপর কাজ করছেন। তাঁর গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে ডিপ লার্নিং আর্কিটেকচারের অন্তর্গত রিপ্রেজেন্টেশন লার্নিং, ডোমেইন অ্যাডাপটেশন এবং মাল্টিমোডাল লার্নিং। তাঁর কাজের একটি গুরুত্বপূর্ণ দিক হলো ভিশন-ভিত্তিক ডেটাকে ভিশন-ল্যাঙ্গুয়েজ মডেলের সঙ্গে সমন্বিত করা।

অভিরূপ জানান, রিপ্রেজেন্টেশন লার্নিংয়ের বর্তমান সীমাবদ্ধতাগুলো মেডিকেল ডোমেন বা জিওস্পেশিয়াল রিজনিংয়ের মতো সংবেদনশীল ক্ষেত্রে এর প্রয়োগকে বাধাগ্রস্ত করে। তাঁর লক্ষ্য কেবল বুদ্ধিমান যন্ত্র তৈরি করা নয় বরং এমন হালকা ওজনের মডেল তৈরি করা, যা মানুষের মস্তিষ্কের মতোই নতুন পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে সক্ষম। প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক অমিতাভ দত্ত জানিয়েছেন যে, এই স্বীকৃতি অভিরূপের ভবিষ্যৎ গবেষণা ও পেশাগত যাত্রাকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে। উপাচার্য অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর এই ফেলোশিপ অর্জন করা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

google button