সোনার গয়না নিয়েও পাঁচ দিন আগে বিয়ে ‘বাতিল’ পাত্রপক্ষের, বাড়িতে হানা কন্যাপক্ষের

Published:

Cooch Behar

প্রীতি পোদ্দার, কলকাতা: পাঁচ দিন পর বিয়ের আসরে বসার কথা, তাই শেষ মুহূর্তে চলছিল প্রস্তুতি। কিন্তু আচমকা হল মতবদল। হঠাৎ করে বিয়ে ভেঙে দিল পাত্রপক্ষ। আর সেই নিয়ে এবার পাত্রপক্ষের বাড়ির সামনে বিক্ষোভ দেখালো পাত্রীপক্ষ, তুমুল উত্তেজনা ছড়াল কোচবিহারের (Cooch Behar) বাবুরহাট সংলগ্ন খ্রিস্টানপাড়ায়। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। শেষ পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে পাত্রীপক্ষের অভিযোগের (Cooch Behar Wedding Dispute) ভিত্তিতে ছেলের বাবাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, কোচবিহারের বাবুরহাট এলাকার এক যুবকের সঙ্গে পিলখানার এক তরুণীর বিয়ে ঠিক হয়েছিল। পাত্র অসমের শিলচরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কর্মরত। আর কয়েক দিন পরেই বিয়ের অনুষ্ঠান ছিল। দুই বাড়ির তরফে প্রস্তুতিও চলছিল বেশ জোরকদমে। কিন্তু হঠাৎ পাত্রপক্ষ বিয়েতে ‘না’ বলে দেওয়ায় চরম বিতর্ক শুরু হয় দুই পক্ষের তরফে। গতকাল, শনিবার, সাতসকালে পাত্রপক্ষের বাড়ির সামনে চড়াও হন পাত্রীপক্ষেরা। তাঁদের অভিযোগ, পণ না পেয়ে তাদের মেয়েকে কালিমালিপ্ত করেছে পাত্রের পরিবার। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পাত্রের বাড়ির লোক।

পাত্রীর প্রেমিক থাকার অভিযোগ

পাত্রীপক্ষের অভিযোগ, গত শুক্রবার, শুভ তিথি দেখে পাত্রকে সোনার গয়না দিয়ে তারা আশীর্বাদ করে এসেছিলেন কিন্তু সেই সময় পাত্রপক্ষ কোনো অভিযোগ জানাননি। আজ পাত্রপক্ষের তরফে পাত্রীকে আশীর্বাদ করার কথা ছিল কিন্তু ঠিক তার আগে আচমকা ছেলের বাড়ি থেকে বলা হয়েছে, এই বিয়ে হবে না। আর তাতেই শুরু হয় উত্তেজনা। পাত্রপক্ষ অভিযোগ জানাচ্ছেন যে, পাত্রীর নাকি প্রেমিক আছেন। তাই ছেলের বিয়ে এখানে দেবে না। যদিও সেই অভিযোগ আবার অস্বীকার করছেন পাত্রীপক্ষ।

আরও পড়ুন: কর্তব্য পালন করতে গিয়ে মৃত্যু, নদিয়ায় দুই ক্রেনের মাঝে পিষ্ট সিভিক ভলান্টিয়ার

আটক করা হয় পাত্রের বাবাকে

বিয়ে নিয়ে এমন ঝঞ্ঝাট ঝামেলা বাড়তে থাকায় শেষপর্যন্ত পরিস্থিতি সামাল দিতে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। দু’পক্ষকে প্রথমে আলোচনা করার পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু তাতেও পরিস্থিতি সামলানো যায়নি। শেষে পাত্রের বাবাকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। এখনও পর্যন্ত পাত্রপক্ষ এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি। পুরো ঘটনাকে কেন্দ্র করে শোরগোল এলাকা জুড়ে।

google button