গবেষণাকেন্দ্রে ২ কোটি ও গোশালায় ১ কোটি, নবদ্বীপ থেকে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published:

duvendu adhikari

আনিষা চৌধুরী, কলকাতা: রাস পূর্ণিমার উৎসবকে কেন্দ্র করে নবদ্বীপের (Nabadwip) উন্নয়ন ও পরিকাঠামো নিয়ে একাধিক পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের বিভিন্ন এলাকার উন্নয়নে একাধিক উদ্যোগ ও প্রকল্প তৈরি করেছেন তাঁরা। এবার সেই উন্নয়নের পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পেল মহাপ্রভুর স্মৃতিবিজড়িত নবদ্বীপও। রবিবার সকালে রাস উৎসবে যোগ দিতে নবদ্বীপে পৌঁছে প্রথমে প্রাচীন মায়াপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী। এরপর যোগনাথতলায় গৌরাঙ্গিনী পুজো, কুটিরপাড়ায় মুক্তি সূর্য ক্লাবের ভারতমাতা পুজো এবং বড় শ্যামা পুজোর উদ্বোধন করেন তিনি। সফরকালে নবদ্বীপের ঘাট, সেতু, গবেষণাকেন্দ্র এবং গোশালার উন্নয়ন নিয়ে একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

কী কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?

মুখ্যমন্ত্রী বলেন, “মহাপ্রভুর জায়গা নবদ্বীপ। এই জায়গার সেভাবে প্রচার-প্রসার, পরিকাঠামোর উন্নয়ন এবং সরকারি স্তরে দৃষ্টিপাত হয়নি। একটা ঘাট তৈরি করেছিল শুনলাম, সেটাও চলে না। আমি ওই ঘাট সম্পূর্ণভাবে সুন্দর করে তৈরি করার জন্য ব্যবস্থা নেব বলে গেলাম। এখানে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের যতক্ষণ না স্থায়ী ব্রিজ তৈরি হচ্ছে, স্থায়ী ব্রিজেরও আমি পরিকল্পনা নিলাম। তবে সময় লাগবে। যতদিন না হচ্ছে, ততদিন এখানে সুসজ্জিত আধুনিক লঞ্চ যাতায়াত করবে।”

তিনি আরও বলেন, “এখানে একটি অর্ধসমাপ্ত রিসার্চ সেন্টার রয়েছে অর্থের অভাবে। কারণ, ভক্তদের সাহায্য নিয়েই ওঁরা কিছুটা এগিয়েছেন। তার জন্য আমি দু’কোটি টাকা বরাদ্দ করলাম। এবং এখানে গোশালাকে সম্প্রসারণ করার জন্য আরও এক কোটি টাকা আমরা দেব। এই ঘোষণাগুলো সবই ডিসেম্বর মাসের মধ্যে হয়ে যাবে।”

লঞ্চঘাট পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রী জানান, “ঘাট আর লঞ্চ সার্ভিসের জন্য দু’মাস সময় লাগবে। তৈরি হয়ে যাওয়ার পর আমি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আবার আসব লঞ্চ-ফেরি সার্ভিস চালু করার জন্য। গুরুকুল এবং সংস্কৃত টোল পরিকল্পনার মধ্যে থাকুক, অর্থ নিয়ে কোনও সমস্যা হবে না।” অর্থাৎ নবদ্বীপে স্থায়ী সেতু নির্মাণের পরিকল্পনার পাশাপাশি আপাতত নদী পারাপারের জন্য আধুনিক লঞ্চ পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। ঘাট ও ফেরি পরিষেবা চালু করার জন্য দু’মাসের সময়সীমাও বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: পুলিশের সহায়তায় জাল হলফনামা দেওয়ার অভিযোগ, ঋতব্রতদের বিরুদ্ধে FIR মমতা তৃণমূলের

আগের সরকারকে নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, “বিগত সরকার মহাপ্রভুর জন্মস্থানের দিকে নজর দেয়নি। আমি এখানে দাঁড়িয়ে কোনও রাজনীতি করব না। বিগত সরকার নবদ্বীপ শহরকে একটি দেশি মদের দোকান এবং আটটি বিদেশি মদের দোকান দিয়েছে, আর কিছু করেনি।” নবদ্বীপের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার পাশাপাশি গুরুকুল এবং সংস্কৃত টোল তৈরির পরিকল্পনাও তাঁর বক্তব্যে উঠে এসেছে।

google button