ঠিক যে কারণে বিজেপিতে যোগ দিলেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল

Published:

Yuzvendra Chahal BJP

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাইশ গজ ছেড়ে সরাসরি রাজনীতির ময়দানে পা রেখেছেন ভারতীয় দলকে একের পর এক যুদ্ধে সঙ্গ দেওয়া যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। যাঁর কব্জির জোরে উইকেট উড়ে যায় তাবড় তাবড় ব্যাটসম্যানের, সেই চাহাল এখন দেশের শাসক দল ভারতীয় জনতা পার্টির অংশ। বিজেপিতে যোগ (Yuzvendra Chahal BJP) দেওয়ার সাথে সাথে গুরুত্বপূর্ণ পদও পেয়েছেন ভারতীয় ক্রিকেটার। ওবিসি মোর্চার ন্যাশনাল এগজেকিউটিভ কমিটিতে স্পেশাল ইনভাইটি হিসাবে নিয়োগ করা হয়েছে তাঁকে। তবে ক্রিকেট ভক্তদের মনে যে প্রশ্নটা সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে তা হলো, কেন হঠাৎ ক্রিকেটের ময়দান থেকে বিজেপিতে যোগ দিলেন চাহাল?

অমরপালের হাত ধরে বিজেপিতে চাহাল

গতকাল অর্থাৎ শনিবার, বিজেপির ওবিসি মোর্চার প্রেসিডেন্ট অমরপাল মৌর্য্যের সঙ্গে দেখা করেছিলেন ভারতীয় ক্রিকেটার চাহাল। আর তারপরেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন তারকা ক্রিকেটার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, “বিজেপি পরিবারে আমায় জায়গা দেওয়ার জন্য শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনজি এবং ওবিসি মোর্চার জাতীয় সভাপতি অমরপাল মৌর্যজির প্রতি আমার কৃতজ্ঞতা রইল।”

কেন বিজেপিতে যোগ দিলেন চাহাল?

ভারতীয় জনতা পার্টিতে যোগদান নিয়ে সে অর্থে কোনও ব্যাখ্যা ভারতীয় ক্রিকেটার না দিলেও এ প্রসঙ্গে মুখ খুলেছেন বিজেপি নেতা অমরপাল মৌর্য। তাঁর বক্তব্য অনুযায়ী, অনেক আগে থেকেই রাজনীতিতে যোগ দেওয়ার আগ্রহ ছিল চাহালের এবং তিনি আগেই বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। এরপর দিল্লিতে চাহালের সাথে বৈঠক হয় অমরপাল মৌর্যর, তারপরই বিজেপিতে যোগদান করেন ভারতীয় তারকা। কয়েকটি ঘনিষ্ট সূত্র মারফত জানা গিয়েছে, বিজেপির নীতি এবং আদর্শ পছন্দ করেন চাহাল, সে কারণেই যোগ দিয়েছেন দলটিতে।

 

আরও পড়ুন: ৯৩ বছরে পারেনি কেউ, নিউজিল্যান্ডের মাটিতে যা করে ইতিহাসের পাতায় ভারত

প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেটে একজন লেগ স্পিনার হিসেবে নিজের পরিচয় গড়ে তুলেছেন তিনি। জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ক্ষমতা প্রদর্শন করেছেন চাহাল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিভিন্ন দলের হয়ে একাধিক ব্যাটসম্যানের উইকেট তুলেছেন এই খেলোয়াড়। বলে রাখা প্রয়োজন, টি-টোয়েন্টি ক্রিকেটে 400 উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার কিন্তু চাহালই।

google button