বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আবার বিশ্বরেকর্ড। এবার টিম ইন্ডিয়া (Team India) এমন এক রেকর্ড গড়ল যা ভাঙা কার্যত অসম্ভব! আসলে কিউই ব্রিগেডের বিরুদ্ধে প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে 720 রান তুলেছে জাতীয় দল। আর সেই আসরে 50 রানের অন্তত সাতটি জুটি গড়ে উঠেছিল। যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল থেকে শুরু করে ধ্রুব জুরেল ও ওয়াশিংটন সুন্দর পর্যন্ত 7টি জুটি 50 বা তারও বেশি রান করেছে, সেটাও আবার ধারাবাহিকভাবে। এর মধ্যে কিছু কিছু জুটি 100 রানের গণ্ডিও ছাড়িয়েছিল। আর সেই সূত্রেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে টিম ইন্ডিয়া।
বিরাট ইতিহাস গড়ল ভারত
এই মুহূর্তে টেস্ট ক্রিকেটের বয়স 149 বছর। আর এই সময়ের মধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট ভারতীয় দলের মর্যাদাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। এর আগে ভারত টেস্ট ক্রিকেটে 8টি 50 রানের জুটি গড়লেও সেখানে ধারাবাহিকতা ছিল না। তবে নিউজিল্যান্ড ব্রিগেডের বিরুদ্ধে প্রথম টেস্টে বিশ্বের প্রথম দল হিসেবে ধারাবাহিকভাবে 7টি জুটি 50 বা তারও বেশি রানের অংশীদারিত্ব গড়েছে টিম ইন্ডিয়ার। তাতেই তৈরি হয়েছে নতুন বিশ্বরেকর্ড। জানিয়ে রাখি, ভারতের ইনিংস শুরু হতেই প্রথমে যশস্বী জয়সওয়াল এবং রাহুল 130 রানের জুটি গড়েন।
জয়সওয়াল আউট হয়ে গেলে মাঠে নামেন দেবদূত পাড্ডিকল। এরপর রাহুলের সাথে জুটি বেঁধে দ্বিতীয় উইকেটে দলের স্কোরবোর্ডে 165 রান জুড়ে দেন তিনি। তৃতীয় উইকেটে অধিনায়ক শুভমনের সাথে অংশীদারিত্ব গড়ে ফেলেন রাহুল। দুজন গড়েছিলেন 91 রানের জুটি। রাহুল আউট হয়ে গেলে গিল এবং ঋষভ পন্থ 100 রানের জুটি গড়েন। গিল আউট হয়ে গেলে অংশুল কম্বোজ এবং পন্থ পঞ্চম উইকেটে 68 রানের অংশীদারিত্ব গড়েন। এরপর পন্থ ও ধ্রুব জুরেল গড়েন 75 রানের জুটি এবং সবশেষে জুরেল ও ওয়াশিংটন সুন্দর 54 রনের জুটি গড়ার সাথে সাথেই ইতিহাস তৈরি করে ফেলে ভারত। ক্রিকেট মহলের কেউ কেউ বলছেন, সহজে এই রেকর্ড ভেঙে ফেলা অসম্ভব।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের মাটিতে আবার বিশ্বরেকর্ড গড়লেন জসপ্রীত বুমরাহ
উল্লেখ্য, প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের উপর দাপট দেখিয়ে 720 রান তুলেছিল ভারত। এক্ষেত্রেও নতুন রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া। আসলে টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক ইনিংসে ভারতের এটাই সর্বোচ্চ টেস্ট স্কোর। তবে যদি সমস্ত দল মিলিয়ে ভারতের সর্বোচ্চ টেস্ট স্কোরের কথা বলা হয় সেক্ষেত্রে এই স্কোর ভারতের তৃতীয় সর্বোচ্চ স্কোর।


